Madan Mitra's Assets

ব্যাঙ্কে ১ কোটি, একটি গাড়ি, দু’টি বাড়ি, সোনা-রুপোর গয়না আছে, জমি নেই! ঠিক কত সম্পত্তির মালিক মদন মিত্র

২০০৬ সালে মদন প্রথম বার বিধানসভা ভোটে লড়েন। তখন তাঁর সম্পত্তি ছিল ১২ লক্ষ টাকার সামান্য বেশি। ’১১ সালে ‘পরিবর্তনের ভোটে’ কামারহাটির প্রার্থীর সম্পত্তি ছিল ১ কোটি ১১ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৭১ বছরের ‘কালারফুল বয়’ মদন মিত্র আবার এক বার ভোটের ময়দানে। আবার চেনা মাঠ— উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সেখান থেকেই আবার প্রার্থী করেছে তৃণমূল। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা করেছেন মদন। হলফনামায় জ্যোৎস্নাকুমার মিত্রের পুত্র জানিয়েছেন তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে মামলা নিয়ে সবিস্তার তথ্য।

Advertisement

মদনের সম্পত্তি

মদন এবং স্ত্রী অর্চনা মিত্রের সম্পত্তির বিস্তারিত তথ্য জানিয়েছেন কমিশনকে। বিদায়ী বিধায়কের দেওয়া তথ্য অনুযায়ী, এখন তাঁর হাতে রয়েছে নগদ ৪৫ হাজার টাকা। মদনের স্ত্রী বাড়ি সামলান। তাঁর হাতে নগদ রয়েছে ১৫ হাজার ৮৫০ টাকা। স্ত্রীর ব্যাঙ্ক ব্যালান্স ১১ লক্ষ ৮০ হাজার টাকা। মদনের ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ ১ কোটি ১১ লক্ষ ৯ হাজার টাকা। সাড়ে সাত লক্ষ টাকার একটি জীবনবিমা রয়েছে মদনের।

Advertisement

মদনের গাড়ি

টিয়া রঙের মারুতি জিম্মির সামনে-পিছনে লেখা ‘এমএম’, অর্থাৎ মদন মিত্র। গাড়িটির মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। মদন জানিয়েছেন, ওই একটিই গাড়ি তাঁর। স্ত্রী অর্চনার নামে একটি স্করপিও আছে। সেটির দাম ৭ লক্ষ টাকা।

Advertisement

সস্ত্রীক মদনের গয়নাগাটি

তৃণমূল প্রার্থী জানিয়েছেন, সোনা-রুপো এবং রত্নসামগ্রী মিলিয়ে তাঁর গয়নার মূল্য ১০ লক্ষ ১২ হাজার টাকা। ৩ লক্ষ ২০ হাজার টাকার গয়না রয়েছে স্ত্রীর। সব মিলিয়ে মদনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ টাকা। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৪ লক্ষ ৪৪ হাজার টাকা।

মদনের জমিজমা

কোনও কৃষিজমি নেই মদনের। স্ত্রীরও তা-ই। অন্যান্য জমিজমাও নেই মিত্র দম্পতির।

মদনদের বাড়ি

ধীরেন্দ্রনাথ বোস রোডে মদনের একটি বাড়ি আছে। ৯০০ স্কোয়্যারফুটের। কলকাতার ডিএইচ রোডে ৫৭০ স্কোয়্যারফুটের একটি বাড়ি আছে। প্রথমটি পৈতৃক সূত্রে পাওয়া। দ্বিতীয়টি নিজের কেনা। স্ত্রীর নামে ১৪৮২ স্কোয়্যারফুটের একটি বাড়ি রয়েছে। মদনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা। স্ত্রীর বাড়িটির মূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা।

মদনের ধার-দেনা

এসবিআই থেকে ১ লক্ষ ৭২ হাজার টাকা ঋণ নিয়েছেন মদন। ব্যক্তিগত ঋণ ১৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ঋণ মদনের। স্ত্রীর নামে ঋণ রয়েছে ১০ লক্ষ ২২ হাজার টাকা।

মদনের সম্পত্তি বৃদ্ধি

২০০৬ সালে বিষ্ণুপুর পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মদন। তখন তাঁর সম্পত্তি ছিল ১২ লক্ষ টাকার সামান্য বেশি। ২০১১ সালে ‘পরিবর্তনের নির্বাচনে’ কামারহাটি থেকে লড়েন তৃণমূলের মদন। তখন তাঁর সম্পত্তি ছিল ১ কোটি ১১ লক্ষ টাকা। ২০১৪ সালে সারদা চিট ফান্ড-কাণ্ডে গ্রেফতার হন মদন। সিবিআই তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল। প্রায় ২১ মাস জেলে থাকার পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে জামিন পান তিনি। ফের কামারহাটি থেকে প্রার্থী হন। তখন মদনের সম্পত্তি ছিল দেড় কোটির আশপাশে।

তার পর ২০১৯ সালে ভাটপাড়া উপনির্বাচনে তাঁকে আবার প্রার্থী করে তৃণমূল। তখন নির্বাচনী হলফনামায় মদন জানিয়েছিলেন তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ টাকার বেশি। ভাটপাড়ায় অর্জুন সিংহের পুত্র পবন সিংহের কাছে পরাজিত হন মদন। এর পর গত বিধানসভা নির্বাচনে আবার কামারহাটি থেকে প্রার্থী হন তিনি। সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৬ লক্ষ টাকা এবং দেনা ছিল ১৬ লক্ষ টাকার বেশি।

মদন-মামলা

মদন জানিয়েছেন, ২০২১ সাল থেকে ইডির দায়ের করা একটি মামলা এখনও চলছে। ইডি-সিবিআই থেকে থানা-পুলিশ, সব মিলিয়ে ছ’টি বিচারাধীন মামলা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement