Chief Minister Selection of BJP

নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আসছেন শাহ

এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে তারা। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৭:০০
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

Advertisement

তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুরমুশ করে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। ফলপ্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসাবে মোহনচরণকে দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

Advertisement

বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই প্রক্রিয়ার পর্যবেক্ষক হিসাবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির মুখদেরই বাছা হয়। কিন্তু অমিত শাহকে এই কাজের জন্য বেছে নেওয়ার ঘটনা খুবই কম। নরেন্দ্র মোদীর সরকারে যিনি কার্যত ‘সেকেন্ড ইন-কমান্ড’-এর ভূমিকায় থাকেন, তাঁকে পর্যবেক্ষক করা হল পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই জয়কে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা এই সিদ্ধান্ত থেকে আরও এক বার স্পষ্ট হল।

বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসাবে স্থির হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। যদিও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তারিখ স্থির করবেন কেন্দ্রীয় নেতৃত্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement