West Bengal Elections 2026

ভোটপ্রচারের প্রথম দিনে পুলিশের সঙ্গে বিতণ্ডায় হিরণ! লিলুয়ায় নোংরা জলে হেঁটে প্রচার আর এক বিজেপি প্রার্থীর

জনতাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী হিরন। তিনি জানান জেতার পর শ্যামপুরে রেলস্টেশন, হাসপাতাল এবং নতুন সেতু তৈরি হবে। তাঁর মন্তব্য, ‘‘এখানকার মানুষের সরলতার সুযোগ নিয়ে তৃণমূল দীর্ঘ দিন ক্ষমতায় থেকেছে। কোনও উন্নয়ন করেনি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২২:৪৫
Share:

(বাঁ দিকে) হিরণ চট্টোপাধ্যায়। (ডান দিকে) সঞ্জয় সিংহ। —নিজস্ব ছবি।

ভোটপ্রচারে নেমেই পুলিশের সঙ্গে তরজায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদরের বিধায়ক তথা হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। অন্য দিকে, হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহ ভোটপ্রচার করতে গিয়ে হাঁটলেন নোংরা জলে।

Advertisement

রবিবার শ্যামপুরের নাউলে একটি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন হিরণ। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক কর্মী-সমর্থক। বাইক নিয়ে মিছিল শুরু হয়। কিন্তু কিছু দূর যেতেই মিছিল আটকে দেয় পুলিশ। অভিযোগ, অনুমতি ছাড়াই বাইক মিছিল করা হচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন পদ্মশিবিরের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে বাগ‌্‌বিতণ্ডায় জড়ান হিরণ। তাঁর দাবি, বাইক মিছিল হয়ইনি। কর্মীরা বাইক নিয়ে এসেছিলেন। বাইকে ফিরছিলেন। বাইক বা হাতে দলীয় পতাকাও ছিল না। তার পরেও পুলিশ আটকেছে। তাঁর কথায়, ‘‘মন্দিরে মন্দিরে পুজো দিতে বেড়িয়েছি। এক পুলিশ আধিকারিক বলেন, নির্বাচনী আচরণ বিধি মোতায়েন রয়েছে। তাই যে কোনও শোভাযাত্রা, মিছিলের আগে অনুমতি নিতে হয়।’’

বিতণ্ডা শেষে জনতাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন জেতার পর শ্যামপুরে রেলস্টেশন, হাসপাতাল এবং নতুন সেতু তৈরি হবে। শাসকদলকে নিশানা করে হিরণের মন্তব্য, ‘‘এখানকার মানুষের সরলতার সুযোগ নিয়ে তৃণমূল দীর্ঘ দিন ক্ষমতায় থেকেছে। কোনও উন্নয়ন করেনি। এ বার বিজেপিকে চাইছেন শ্যামপুরের মানুষ। এ বার উন্নয়ন হবে।’’

Advertisement

রবিবার বালি বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় লিলুয়ার পটুয়াপাড়ার দিকে প্রচারে বেরিয়েছিলেন। রাস্তায় জমা জল দেখে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে জনসংযোগ শুরু করেন তিনি। নিকাশীব্যবস্থার বেআব্রু দশা তুলে ধরে অভিযোগ করেন, তৃণমূলের বিদায়ী বিধায়ক রানা চট্টোপাধ্যায় কোনও উন্নয়ন করেননি। বালির মানুষের ‘পরিবর্তনের ভোট’ চান তিনি। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে বালির মানুষকে দেখিয়ে দেবেন উন্নয়ন কাকে বলে। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র পাল্টা বলেন, ‘‘মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার আগে বালির নিকাশী ও রাস্তার আবর্জনার সমস্যার সমাধানে পথে তিনি নেমেছেন। তৃণমূলের বিরুদ্ধে মানুষের কোনও ক্ষোভ নেই। ক্ষোভ রয়েছে বিজেপির বিরুদ্ধে।’’ তাঁর সংযোজন, ‘‘উন্নয়নকে হাতিয়ার করে বালি কেন্দ্রে আবার ঘাসফুল ফুটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement