WB Election 2026

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয়ে দুর্ঘটনা! নির্বাচন কমিশন এবং সিআরপিএফের শীর্ষ মহলে দায়ের লিখিত অভিযোগ

অধীর চৌধুরীর দফতর থেকে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। মৌখিক ভাবে জানানোর পাশাপাশি দুর্ঘটনার কথা লিখিত অভিযোগের আকারে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের সিইও মনোজ অগ্রবালের দফতরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:১১
Share:

বুধবার অধীর চৌধুরীর কনভয়ে দুর্ঘটনা ঘটে। —ফাইল চিত্র।

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয়ে দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ জানানো হল নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সিআরপিএফের শীর্ষ মহলে। বুধবার মুর্শিদাবাদের কান্দি থেকে প্রচার সেরে ফেরার পথে তাঁর কনভয়ে আচমকাই একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। কান্দি থেকে ফেরার সময় হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের গাড়ির দিকে এগিয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চালক দ্রুত গাড়ির স্টিয়ারিং বাঁ দিকে ঘুরিয়ে দেন। ফলে অল্পের জন্য রক্ষা পায় অধীরের গাড়ি। তবে ট্রাকটি সোজা গিয়ে সামনে থাকা এসকর্ট গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে।

Advertisement

রাতেই অধীরের দফতর থেকে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। মৌখিক ভাবে জানানোর পাশাপাশি দুর্ঘটনার কথা লিখিত অভিযোগের আকারে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের সিইও মনোজ অগ্রবালের দফতরে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা সিআরপিএফের শীর্ষ মহলকেও অধীরের কনভয়ে দুর্ঘটনার কথা লিখিত ভাবে জানানো হয়েছে। অধীর বহরমপুর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি লোকসভার পাঁচ বারের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটে। এইসব বিষয়গুলির কথা উল্লেখ করে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই অভিযোগপত্রে। এআইসিসি সদস্য নিলয় প্রামানিক বলেন, ‘‘অধীরবাবু দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। এই দুর্ঘটনার আগে জাতীয় সড়কে তাঁর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে। সেই সময় আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি জাতীয় সড়ক মন্ত্রক কর্তৃপক্ষকেও অভিযোগ জানিয়েছিলাম। এ বারও তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমরা নির্বাচন কমিশন ও সিআরপিএফকে চিঠি পাঠিয়েছি।’’

প্রসঙ্গত, যেহেতু বিধানসভা নির্বাচনের সময় রাজ্য প্রশাসন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন, তাই নির্বাচন কমিশনেই দুর্ঘটনা বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই দুর্ঘটনায় এসকর্ট গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় কান্দি থানায় ফোন করা হলেও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অভিযোগ, দীর্ঘক্ষণ কোনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, নির্বাচনের সময়ে অধীরের মতো রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কনভয়ে এমন ঘটনার পরও পুলিশের দেরিতে পৌঁছোনো উদ্বেগজনক। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন অধীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement