Nvidia

এইচ-১বি ভিসাধারীদের নিয়োগ, বেতন সাড়ে চার কোটি টাকা পর্যন্ত! ছাঁটাই অভিযানের মধ্যেই সুখবর দিল প্রযুক্তি সংস্থা এনভিডিয়া

মনে করা হচ্ছে এনভিডিয়ার এইচ-১বি ভিসাধারী কর্মীদের নিয়োগ ভারতীয় প্রযুক্তিবিদদের বিশেষ ভাবে উপকৃত করবে। কারণ, মার্কিন মুলুকে এইচ-১বি প্রতিভার বৃহত্তম উৎস এখনও ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৮:০৮
Share:

ছবি: ফাইল থেকে।

আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদের জন্য গত বছরটা যেন ছিল বিভিষীকাময়। তাঁদের কাছে চাকরি যাওয়ার অর্থ শুধু বেতন যাওয়া ছিল না, ছিল সে দেশে থাকার অধিকার হারানোও। কারণ মার্কিন অভিবাসন নিয়ম অনুযায়ী, চাকরি হারানোর পর বেশির ভাগ এইচ-১বি কর্মী তাঁদের ভিসার স্পনসর করতে ইচ্ছুক এমন অন্য নিয়োগকর্তা খুঁজে বার করার জন্য মাত্র ৬০ দিন সময় পান। এই সময়সীমা পার হয়ে গেলে দেশ ছাড়তে বাধ্য করা হয় তাঁদের। কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে মেটা, গুগ্‌ল, অ্যামাজ়ন-সহ বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই করা এবং বিদেশি নিয়োগ কমিয়ে দেওয়ার কারণে আমেরিকায় থাকা ভারতীয়-সহ অন্য দেশের চাকুরিজীবী নাগরিকদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

Advertisement

এই প্রেক্ষাপটে ওই কর্মীদের জীবনে একটি বিরল আশার আলো হিসাবে আবির্ভূত হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা এনভিডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি কর্মী ছাঁটাইয়ের হিড়িকের মধ্যে কৃত্রিম মেধা বা এআই নিয়ে কাজ করা সংস্থাটি শুধু বিদেশি প্রতিভা নিয়োগ অব্যাহতই রাখছে না, বরং চাকরি দেওয়ার বিষয়ে প্রাধান্য দিচ্ছে এইচ-১বি ভিসাধারীদের। যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের বার্ষিক ৪.৬৪ কোটি টাকা পর্যন্ত বেতন দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি প্রকাশ্যে আসা ফেডারেল নথি অনুযায়ী, এনভিডিয়া ২০২৬ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে প্রায় ১,২০০টি এইচ-১বি পদের জন্য অনুমোদন পেয়েছে। গত বছরের একই সময়ে ওই পদের সংখ্যা ছিল ১,০০০। সংবাদমাধ্যম ‘বিজনেস ইনসাইডার’-এর তথ্য অনুযায়ী, গুগ্‌লের অনুমোদিত এইচ-১বি নিয়োগ এক বছর আগের ৫,১০০ থেকে কমে প্রায় ২,২০০-তে নেমে এসেছে। অন্য দিকে একই সময়ে অ্যামাজ়নের অনুমোদন ৬,১০০ থেকে কমে প্রায় ৪,৩০০-তে দাঁড়িয়েছে। ফলে সে ক্ষেত্রে আমেরিকার অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে এনভিডিয়ার এই ফারাক চোখে পড়ার মতো। ফেডারেল নথি থেকে এ-ও জানা গিয়েছে, এনভিডিয়া এআই এবং ইঞ্জিনিয়ারিং প্রতিভাদের আকৃষ্ট করতে সর্বোচ্চ বেতন দিতে ইচ্ছুক। কোনও কোনও কর্মী বার্ষিক ৩.৫-৪.৫ কোটিও বেতন পেতে পারেন।

Advertisement

মনে করা হচ্ছে এনভিডিয়ার এইচ-১বি ভিসাধারী কর্মীদের নিয়োগ ভারতীয় প্রযুক্তিবিদদের বিশেষ ভাবে উপকৃত করবে। কারণ, মার্কিন মুলুকে এইচ-১বি প্রতিভার বৃহত্তম উৎস এখনও ভারত। ইউএসসিআইএস-এর তথ্য অনুযায়ী, অনুমোদিত সমস্ত এইচ-১বি সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৭১-৭৩ শতাংশই ভারতীয়, যা তাঁদের আমেরিকার দক্ষ প্রযুক্তি কর্মশক্তির মেরুদণ্ডে পরিণত করেছে। ফলে সহজ কথায় যখন এইচ-১বি ভিসাধারীদের নিয়োগ বাড়ে, তখন ভারতীয় প্রযুক্তিবিদেরা সাধারণত সবচেয়ে বেশি লাভবান হন।

এনভিডিয়ার এইচ-১বি ভিসাধারী কর্মীদের নিয়োগের খবর এমন এক সময়ে উঠে এসেছে যখন এনভিডিয়া বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত নিয়োগকর্তা হয়ে উঠেছে। সংস্থাটি বিশ্বব্যাপী এআই উত্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এনভিডিয়ার চিপ চ্যাটজিপিটি-র মতো মডেল থেকে শুরু করে বৃহৎ ডেটা সেন্টার পর্যন্ত অনেককিছুকে শক্তি জোগায়। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, যিনি নিজেও তাইওয়ানে জন্মগ্রহণকারী একজন অভিবাসী, সংস্থার বৃদ্ধিতে অভিবাসী প্রতিভার গুরুত্ব বার বার তুলে ধরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement