WB Assembly Elections 2026

নির্বাচনী আচরণবিধির মধ্যেই পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি, বিতর্কে দমকল

দমকল দফতর অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করায় তৈরি হয়েছে বিতর্ক। শেষমেশ সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলেই দাবি করেছেন দমকলের কর্তারা।

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৯:২০
Share:

জাতীয় নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি বলবৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বিধি মেনে চলছে সরকারি প্রতিটি দফতর। কিন্তু এরই মধ্যে দমকল দফতর অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করায় তৈরি হয়েছে বিতর্ক। শেষমেশ সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলেই দাবি করেছেন দমকলের কর্তারা।

গত ৯ এপ্রিল দমকলের অধিকর্তা শ্যামচরণ মণ্ডল ওই বিজ্ঞপ্তি জারি করেন (WBFES/1115 (12))। তিনি সেই বিজ্ঞপ্তি পাঠান বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, উত্তর কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, মালদহ ও মুর্শিদাবাদের ডিভিশনাল অফিসারদের। ওই চিঠির বক্তব্য ছিল, গত পাঁচ বছরে অবসর নেওয়া কোন কোন ‘এফওইডি’ (ফায়ার অপারেটর-কাম-ইঞ্জিন ড্রাইভার) আবার কাজ করতে চান, তার তালিকা করতে হবে। এবং বিজ্ঞপ্তি জারির তিন দিনের মধ্যে কাজে যোগ দিতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত কর্মীদের প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে পুনর্নিয়োগের জন্য।

নির্বাচনী আচরণবিধির শর্ত অনুযায়ী, এর আওতায় থাকাকলীন সরকারি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করা যায় না। বড় সিদ্ধান্তও নেওয়া যায় না। তা সত্ত্বেও দমকলের অধিকর্তা গত ৯ এপ্রিল পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি জারি করায় দফতরের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে। দমকল বিভাগের আধিকারিকদের একাংশের অভিযোগ, ভোটের মুখে পুনর্নিয়োগ সংক্রান্ত এই ঘোষণা আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। তাঁরাও এই বিজ্ঞপ্তি নিয়ে সরব হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিকের কথায়, ‘‘গত ৯ তারিখ অধিকর্তার তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা পুরোপুরি অবৈধ। এই ঘটনার তদন্ত হওয়া উচিত।’’ দমকলের আর এক আধিকারিকের কথায়, ‘‘পুনর্নিয়োগের বিষয়ে রাজ্যের ১১টি ডিভিশনে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়। নির্বাচনী বিধি বলবৎ থাকাকালীন এই সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি বেআইনি।’’

দমকল সূত্রের খবর, তাদের বিভিন্ন বিভাগে প্রচুর পদ ফাঁকা। ১৪০০ জন এফওইডি-র জায়গায় আছেন মাত্র ৭৭০ জন। দমকলের এমনই দুর্দশা যে, আগুন নেভানোর গাড়ি থাকলেও পর্যাপ্ত চালক নেই। দমকলের এক শীর্ষ কর্তা ওই বিজ্ঞপ্তি প্রসঙ্গে বলেন, ‘‘ওই বিজ্ঞপ্তি ভুল করে দেওয়া হয়েছে। আমরা বাতিল করছি।’’

দমকলের যে অধিকর্তা ওই বিজ্ঞপ্তি জারি করেছেন, সেই শ্যামচরণ মণ্ডল শুক্রবার রাতে বলেন, ‘‘নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ায় ৯ তারিখের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। তবে, সরাসরি নিয়োগ সংক্রান্ত বিষয় ছিল না ওই বিজ্ঞপ্তিতে। আগের বিজ্ঞপ্তির সূত্রে রাজ্যের ডিভিশনাল অফিসারদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়েছিল। যদিও নির্বাচনী আচরণবিধি জারি থাকায় সেটাও করা ঠিক হয়নি। শেষমেশ আমরা ওই বিজ্ঞপ্তি বাতিল করেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন