Raninagar CPM Candidate

‘আমার রাজ চলবে’, রানিনগরের বাম প্রার্থীকে এলাকা ছাড়তে নিদান তৃণমূল নেতার! থানায় গেলেন সিপিএমের জামাল

সিপিএমের অভিযোগ, রানিনগর বিধানসভার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের সিপিএমের এজেন্ট রুহুল আমিনকে স্থানীয় একটি চায়ের দোকানে একা পেয়ে মারধর করেন তৃণমূলের কয়েক জন। তৃণমূলের অঞ্চল সভাপতি তাতে ‘নেতৃত্ব’ দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৯:২৩
Share:

সিপিএম প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতার তর্কাতর্কি। ছবি: সংগৃহীত।

দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূল নেতার হুমকির মুখে পড়েছেন রানিনগরের বামপ্রার্থী জামাল হোসেন। তাঁকে নাকি এলাকাছাড়়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে! এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই সিপিএম নেতা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

গন্ডগোলের সূত্রপাত ভোটের পরের দিন অর্থাৎ, বৃহস্পতিবার রাতে। সিপিএমের অভিযোগ, রানিনগর বিধানসভার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের সিপিএম এজেন্ট রুহুল আমিনকে স্থানীয় একটি চায়ের দোকানে একা পেয়ে মারধর করেন তৃণমূলের কয়েক জন। তৃণমূলের অঞ্চল সভাপতি তাতে ‘নেতৃত্ব’ দেন। রুহুলকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাস্থলে যান রানিনগরের সিপিএম প্রার্থী জামাল। কিন্তু তিনি পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মুজিবুর শেখ জামালকে প্রায় তেড়ে যান। তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নিদান দেন ওই তৃণমূল নেতা। ভাইরাল হওয়া ভিডিয়োয় তৃণমূল নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘তোমার ভোট শেষ। এখান থেকে এ বার যাও। এমএলএ হলে আসবে। তার আগে না। এখন চলো... একদম আসবে না।’’ জামাল জবাবে বলেন, ‘‘এমএলএ হলেও আসব, না-হলেও আসব। তোমার রাজ চলবে না।’’ ওই তৃণমূল নেতাকে পাল্টা বলাতে শোনা যায়, ‘‘এখানে আমার রাজই চলবে। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

ওই ঘটনার পর প্রতিকার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বাম প্রার্থী। তিনি জানান, এই ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ বিভ্রান্তি ছড়াচ্ছে। জামালের অভিযোগ, ‘‘আমাদের এজেন্টকে মারধর করা হয়েছে। অথচ পুলিশ সত্য গোপন করছে।’’

Advertisement

অন্য দিকে, তৃণমূলের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement