West Bengal Election 2026

বিতর্কিত চার আসনে শরিকদের সঙ্গেই ফ্রন্ট

আসন এবং প্রার্থী নিয়ে জটিলতা বেড়ে যাওয়ার পরে আইএসএফ ফের আলিমুদ্দিন স্ট্রিটে চিঠি পাঠিয়েছে। তাদের দাবি, বামেদের সঙ্গে প্রথম দফার আলোচনায় যে সব আসন আইএসএফের জন্য ছাড়ার ইঙ্গিত মিলেছিল, সেই সব কেন্দ্রেই তারা প্রার্থী ঘোষণা করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৭:৫৪
Share:

সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে প্রচারে ও ‘বরানগর বাঁচাও যাত্রা’য় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। — নিজস্ব চিত্র।

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে সমঝোতা রক্ষা করার জন্য সতর্ক পদক্ষেপ করতে চাইছে সিপিএম। বামফ্রন্টের শরিকদের ডেকে সেই পরিস্থিতি ব্যাখ্যা করে তাদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করলেন বিমান বসু। সেই সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে রাখা হল, চারটি আসনে আইএসএফ তাদের প্রার্থী প্রত্যাহার না-করলে সেখানে বাম শরিক দলের প্রার্থীদেরই বামফ্রন্ট সমর্থন করবে।

আসন এবং প্রার্থী নিয়ে জটিলতা বেড়ে যাওয়ার পরে আইএসএফ ফের আলিমুদ্দিন স্ট্রিটে চিঠি পাঠিয়েছে। তাদের দাবি, বামেদের সঙ্গে প্রথম দফার আলোচনায় যে সব আসন আইএসএফের জন্য ছাড়ার ইঙ্গিত মিলেছিল, সেই সব কেন্দ্রেই তারা প্রার্থী ঘোষণা করেছে। যদিও এই দাবির সঙ্গে সিপিএম নেতৃত্হ সহমত নন। তার পাশাপাশি, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও অনড় অবস্থান নিয়েছে আইএসএফ। আলিমুদ্দিন স্ট্রিটে শেষ দু-একটি দ্বিপাক্ষিক আলোচনায় আইএসএফের শীর্ষ নেতৃত্বের কেউ আসেননি। এই নিয়ে বিমানেরা অসন্তোষ প্রকাশ করায় শনিবার ফের দু’পক্ষের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান এ দিন ফ্রন্টের বৈঠকে বার্তা দিয়েছেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যত দূর ঐক্য গড়া যাচ্ছে, সেই প্রক্রিয়াকে তাঁরা ভেঙে দিতে চান না। সেই কারণেই পরবর্তী তালিকা প্রকাশের আগে সময় নেওয়া হচ্ছে। তবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সিপিআই, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লক এবং মুর্শিদাবাদের ভরতপুর ও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী আসনে আরএসপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই সিদ্ধান্ত হয়েছে। ভরতপুরে সিপিআই (এম-এল) লিবারেশন এবং বাকি তিন আসনে আইএসএফ প্রার্থী প্রত্যাহার না-করলে শরিক দলের প্রার্থীদেরই বামফ্রন্ট সমর্থন করবে। ভরতপুর, বাসন্তী, মধ্যমগ্রামের সঙ্গে আরও কিছু আসনে বামফ্রন প্রার্থীদের নাম ঘোষণা হবে পরবর্তী দফায়। নন্দীগ্রামে আগেই সিপিআই প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। বরানগরে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রের সমর্থনে এ দিনই সন্ধ্যায় কুটিঘাট লঞ্চ ঘাটের পাশে সমাবেশে গিয়েছিলেন বিমান, সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপি-র মুজিবর রহমান। কুটিঘাট থেকে নেতাজি কলোনি পর্যন্ত দু’দিনের ‘বরানগর বাঁচাও যাত্রা’ও শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন