রাস্তায় বসে হুমায়ুন কবীর। —নিজস্ব চিত্র।
ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হল মুর্শিদাবাদের নওদা। বুথ পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র নেতা তথা নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হুমায়ুন কবীর। বার বার হুমায়ুনকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
পুলিশ অবরোধ তুলতে গেলে হুমায়ুনের গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়। কনভয়ের একটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। মারধর করা হুমায়ুনের দলের কর্মী-সমর্থকদের।
এই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে রাস্তার মাঝেই চেয়ার পেতে বসে পড়লেন হুমায়ুন। তাঁর অনুগামীরা পাশ থেকে তাঁকে হাতপাখা দিয়ে হাওয়া করতে থাকেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন বলেন, “পুলিশ এখানে পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। এলাকায় বেআইনি বন্দুক নিয়ে তৃণমূলের মস্তানবাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, অথচ পুলিশ নীরব দর্শক হয়ে আছে।”
দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে তৃণমূল কর্মী-সমর্থকদের ঘেরাটোপ থেকে হুমায়ুনকে বার করে আনে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।