West Bengal Assembly Election 2026

স্ত্রী বিজেপি নেত্রী! তৃণমূলের অভিযোগের পর মালদহের সেই পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন, বদল আরও পাঁচ জন

মালদহের চার কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল জয়ন্ত কান্তকে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূল অভিযোগ করে, জয়ন্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:৩৮
Share:

(বাঁ দিকে) মালদহে নিযুক্ত সেই পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে তাঁর স্ত্রী। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই চার কেন্দ্রে পর্যবেক্ষক পাল্টে দিল নির্বাচন কমিশন। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হল। এ ছাড়া আরও পাঁচ জন পর্যবেক্ষককে পরিবর্তন করা হয়েছে। শুক্রবার জঙ্গিপুরের অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্টও তলব করেছে কমিশন।

Advertisement

মালদহের চার কেন্দ্র মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল জয়ন্ত কান্তকে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তৃণমূল অভিযোগ করে, জয়ন্তের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। সে ক্ষেত্রে কী ভাবে জয়ন্ত নিরপেক্ষ ভাবে পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন? প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল। মন্ত্রী ব্রাত্য বসু এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে জয়ন্ত এবং তাঁর স্ত্রীর ছবি প্রকাশ করেন। তৃণমূলের সেই অভিযোগ খতিয়ে দেখা হয়। শনিবার কমিশন জানিয়ে দেয়, মালদহের ওই চার কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন আইপিএস অফিসার হৃদয় কান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে বিহার ক্যাডারেরই আইপিএস হৃদয়।

জয়ন্ত কান্ত ছাড়াও পাঁচ জন পুলিশ পর্যবেক্ষক পরিবর্তনের কথা জানিয়েছে কমিশন। জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘির দায়িত্বে নতুন পুলিশ পর্যবেক্ষক এসেছেন। নতুন পর্যবেক্ষক দেওয়া হয়েছে জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনিতেও। খড়্গপুর সদর, পিংলা, খড়্গপুর এবং ডেবরার দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষককেও বদলে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন বাগদা, বনগাঁ উত্তরের পুলিশ পর্যবেক্ষক এবং হাবড়া, অশোকনগর, আমডাঙার পুলিশ পর্যবেক্ষক।

Advertisement

নির্বাচনের আগে বিধানসভা কেন্দ্র ধরে ধরে তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন। এ বার প্রতিটি কেন্দ্রে এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষকের পাশাপাশি রয়েছেন পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয়ের হিসাবের পর্যবেক্ষক। তাঁদের সংখ্যাও অন্যান্য বারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement