West Bengal Assembly Election 2026

৫৭ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি শেষ, বাকি আর তিন লক্ষ! দশম অতিরিক্ত তালিকা প্রকাশ কমিশনের

কমিশন আগেই জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্যে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২৩:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) তালিকায় থাকা ৬০ লক্ষেরও বেশি ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৫৭ লক্ষের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ সম্পন্ন। শনিবার এসআইআরের দশম অতিরিক্ত তালিকা প্রকাশ করে এমনই জানাল নির্বাচন কমিশন।

Advertisement

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ শুরু করেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। ৭০৫ জন বিচারক সেই কাজ করছেন। শীর্ষ আদালতের নির্দেশ মতো ধাপে ধাপে নিষ্পত্তি হয়ে যাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করছে রাজ্যের নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। সেই অনুযায়ী গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে। শনিবার দশম অতিরিক্ত তালিকা প্রকাশ হল।

শনিবার এসআইআরের অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৫৭ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি আর মাত্র তিন লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ। কমিশন আগেই জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্যে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল।

Advertisement

এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা কত জন ভোটারের নাম বাদ পড়েছে, তা স্পষ্ট নয়। তবে যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। নাম বাদ পড়লে অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে (voter.eci.gov.in) গিয়ে ‘সাবমিট অ্যাপিল্‌স ফর ইন্ডিভিজ়ুয়াল্‌স’ নামের ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। তবে যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন তাঁরাই কেবল এখানে আবেদন করতে পারবেন। আর অফলাইনে আবেদন জানাতে হবে জেলাশাসক কিংবা মহকুমাশাসকের দফতরে। সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement