IT Raid

দেবাশিস কুমারের শাশুড়ির ফ্ল্যাটেও আয়কর তল্লাশি! সকাল থেকে শুরু হয়েছে অভিযান, নীচে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

শুক্রবার ভোর থেকে মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়িতে শুরু হয় আয়কর তল্লাশি। ওই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই একটি ফ্ল্যাটে থাকেন বিধায়কের শাশুড়ি। দেবাশিসের বাড়িতে তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পরে সেখানেও অভিযানে নামে আয়কর দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:১৩
Share:

রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। তাঁর শাশুড়ির ফ্ল্যাটের নীচে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। — নিজস্ব চিত্র।

দেবাশিস কুমারের শাশুড়ির ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা। সেখানেও চলছে তল্লাশি অভিযান। রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিসের বাড়িতে শুক্রবার ভোর থেকে হানা দিয়েছে আয়কর দফতর। অভিযান চলছে তাঁর নির্বাচনী কার্যালয়েও। দেবাশিসের বাড়ির কাছেই একটি পার্টি অফিসেও হানা দিয়েছিল আয়কর দফতর। তবে প্রয়োজনীয় তল্লাশির পরে সেখান থেকে বেরিয়ে যান আয়কর আধিকারিকেরা।

Advertisement

শুক্রবার ভোর ৫টা নাগাদ আয়কর আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মনোহরপুকুর রোডে দেবাশিসের বাড়িতে তল্লাশি শুরু করেন। ওই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই একটি ফ্ল্যাটে থাকেন বিধায়কের শাশুড়ি। দেবাশিসের বাড়িতে তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পরে, সকাল সাড়ে ৭টা নাগাদ ওই ফ্ল্যাটে যান আয়কর আধিকারিকেরা। বহুতল ওই ভবনের পঞ্চম তলে একটি ফ্ল্যাটে থাকেন দেবাশিসের শাশুড়ি। একাই থাকেন সেখানে তিনি। এলাকার লোকেরা ফ্ল্যাটটিকে ‘দেবাদার ফ্ল্যাট’ বলেই জানেন। সকাল সাড়ে ৭টা থেকে ওই ফ্ল্যাটে শুরু হওয়া আয়কর তল্লাশি এখনও চলছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি দেবাশিসকে একাধিক বার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে ভোট ঘোষণার পর থেকে অন্তত তিন বার তলব করা হয়েছিল তাঁকে। তার মধ্যে দু’বার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। একটি সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। ওই সংস্থার আধিকারিকদের ফোন থেকে এবং তল্লাশিতে বেশ কিছু তথ্য উঠে আসে। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল দেবাশিসকে। এ বার এরই মধ্যে রাসবিহারীর বিদায়ী বিধায়কের বাড়িতে, নির্বাচনী কার্যালয়ে হানা দিল আয়কর দফতর। বিধায়কের শাশুড়ির বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।

Advertisement

পাশাপাশি কালীঘাটেও কুমার সাহা নামে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি শুরু করেছে আয়কর দফতর। দক্ষিণ কলকাতায় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত কুমার। সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ কলকাতার হাজরা এবং রাসবিহারী অঞ্চলে শাসকদলের সভা-সমিতিতে লোক ভরানোর ক্ষেত্রে বড় ভূমিকা থাকে তাঁর। দেবাশিস, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ দক্ষিণ কলকাতায় তৃণমূলের বিভিন্ন ‘মাথাদের’ সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে কুমারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মিরাজ শাহের বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার অভিযান চলছে। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement