বেঙ্গালুরু দলের সঙ্গে টিম ডেভিড (উপর থেকে দ্বিতীয়)। ছবি: পিটিআই।
আইপিএল জিতে গোটা দলের সঙ্গেই উৎসব করেছিলেন। কয়েক ঘণ্টা যেতে না যেতেই খারাপ খবর পেলেন বেঙ্গালুরুর ক্রিকেটার টিম ডেভিড। তাঁকে এক ম্যাচ নির্বাসিত করেছে ভারতীয় বোর্ড। আম্পায়ারের প্রতি অক্রিকেটীয় আচরণের জন্যই তাঁকে নির্বাসিত করা হয়েছে। ফলে পরের মরসুমে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ডেভিড।
আইপিএলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ডেভিডের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনি শৃঙ্খলাবিধি ২.৯ ধারা ভেঙেছেন। এই ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন বিপজ্জনক ভাবে কোনও ক্রিকেটার, দলের আধিকারিক, আম্পায়ার, ম্যাচ রেফারি এবং অন্য কোনও তৃতীয় ব্যক্তির দিকে বল বা জলের বোতলের মতো ক্রিকেটীয় সরঞ্জাম ছুড়লে এই শাস্তি দেওয়া হয়।
আইপিএলের বিবৃতি অনুযায়ী, গুজরাতের ইনিংসে দশম ওভারে আম্পায়ার নীতীন মেননের দিকে আগ্রাসী ভাবে একটি বরফের ব্যাগ ছুড়েছিলেন ডেভিড। অস্ট্রেলীয় ক্রিকেটার নিজের শাস্তি মেনে নিয়েছেন। ফলে শুনানির দরকার পড়ছে না।
চলতি মরসুমে এটি ডেভিডের তৃতীয় অপরাধ। এর আগে গ্রুপ পর্বে মুম্বইয়ের বিরুদ্ধে দু’টি ম্যাচেই শাস্তি পেয়েছিলেন। প্রথম বার একটি এবং দ্বিতীয় বার দু’টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। রবিবারও দু’টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট পাঁচ পয়েন্ট হয়। ফলে নিয়ম অনুযায়ী এক ম্যাচ নির্বাসিত করা হয় তাঁকে।