West Bengal Election 2026

প্রার্থী ঘোষণা হতেই চাঁচলে কংগ্রেস শিবিরে ক্ষোভ! উঠল ‘মুর্দাবাদ’ স্লোগান, পথ অবরোধ কর্মীদের

প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পরেই দলের নেতা ও কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধদের দাবি, আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০০:৪৬
Share:

বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের পথ অবরোধ। — নিজস্ব চিত্র।

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরে অন্তর্দ্বন্দ্ব। হাত শিবিরের অন্দরেই উঠল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান। রবিবার মালদহের চাঁচল বিধানসভা এলাকার ঘটনা।

Advertisement

প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পরেই দলের নেতা ও কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুব্ধদের দাবি, আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে। ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি চাঁচলের তরলতলা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করেন। তাঁদের মুখে শোনা যায় ‘মুর্দাবাদ’ স্লোগান। হুঁশিয়ারি, মেহেবুবকে মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না।

বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা নেতৃত্বের একাংশ টাকার বিনিময়ে প্রার্থী নির্বাচন করেছেন। আরও অভিযোগ, শাসকদলের সঙ্গে গোপন সমঝোতা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertisement

বিক্ষোভ প্রসঙ্গে আনজারুলের দাবি, তাঁর সমর্থকদের মতামত উপেক্ষা করে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অন্য দিকে, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কংগ্রেস প্রার্থী আসিফ বলেন, ‘‘প্রার্থিপদে একাধিক দাবিদার থাকায় কিছু ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।’’ প্রার্থীর দাবি, সবাইকে সঙ্গে নিয়ে তিনি এগোতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement