নবান্নে গেরুয়া আবির খেলছেন সরকারি কর্মীরা। নিজস্ব চিত্র।
‘জয় শ্রীরাম’ স্লোগান নবান্নে। রাজ্যে পালাবদল ঘটতেই সরকারের প্রশাসনিক ভবনের ভিতরে মঙ্গলবার কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। শুধু তা-ই নয়, শোনা গেল ‘ভারতমাতা কি জয়’।
সোমবার রাজ্যে ভোটের ফল প্রকাশিত হয়েছে। ২০০-র বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যে পালাবদল হতেই নবান্নের ভিতরে কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ স্লোগান। নবান্নের ভিতরে খেলা হল গেরুয়া আবির। মহিলা থেকে পুরুষ নবান্নের সরকারি কর্মীদের একাংশ আবির খেললেন। কর্মীদের দাবি, ‘‘আগে ভয়ে ভয়ে কাজ করতাম। এখন তা থেকে মুক্তি পাওয়া গেল।’’
নবান্নে মহিলা কর্মীরা আবির খেলছেন। নিজস্ব চিত্র।
‘জয় শ্রীরাম’ স্লোগানের সঙ্গে উড়ল গেরুয়া পতাকাও। সরকারি কর্মীদের একাংশের হাততালিতে মুখরিত হল গোটা নবান্ন। কর্মীদের দাবি, তাঁরা অনেক বঞ্চনার শিকার হয়েছেন। নতুন সরকারের কাছে তাঁরা অনেক আশা রাখছেন। মহার্ঘ ভাতার (ডিএ) প্রসঙ্গও উঠে আসে কর্মীদের কথায়।
প্রসঙ্গত, সোমবার বিজেপির ফল স্পষ্ট হতেই বেশ কিছু উৎসাহী কর্মী-সমর্থক নবান্নের সামনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। বিজেপির পতাকা ওড়ান। আবিরও খেলা হয়। নবান্নের বাইরে দাঁড়িয়ে স্লোগান তোলেন তাঁরা। পদ্মশিবির জিততেই এ বার সেই স্লোগান নবান্নের অন্দরেও শোনা গেল।
বিজেপি ২০৭টি আসন পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে। সেখানে তৃণমূল পেয়েছে ৮০টি। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র বিজেপির জয়জয়কার। এ বার তৃণমূলের হাত থেকে তাদের শক্ত ঘাঁটিগুলির অনেকই ছিনিয়ে নিয়েছে তারা।