WB Elections 2026

আইএসএফ নিয়ে বামফ্রন্টের ঐক্যে ‘চিড়’! মধ্যমগ্রামে পাল্টা প্রার্থী ফব-এর, পাঁশকুড়া পশ্চিম নিয়ে চাপে সিপিএম

আইএসএফ প্রার্থী দিয়ে রেখেছে, সেই আসনেই পাল্টা প্রার্থী দিচ্ছে বাম শরিকেরাও। বাসন্তীর পরে মধ্যমগ্রামেও সেই একই ছবি ধরা পড়ল। আসন সমঝোতা নিয়ে চাপে রয়েছে সিপিএম-ও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২২:১০
Share:

আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতাকে কেন্দ্র করে ‘চিড়’ ধরেছে বামফ্রন্টের ঐক্যে। বেশ কিছু ক্ষেত্রে আইএসএফ-এর জন্য ‘নিজেদের আসন’ ছেড়ে দিতে নারাজ বাম শরিকেরা। ঘোষণা করতে শুরু করেছে পাল্টা প্রার্থী। বুধবার মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক। প্রার্থী করা হয়েছে নিতাই পালকে। অথচ, এই আসন থেকে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মণকে আগেই প্রার্থী করেছে আইএসএফ।

Advertisement

মঙ্গলবার বামফ্রন্টের আর এক শরিক আরএসপি বাসন্তী আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেই আসনে ইতিমধ্যে আইএসএফ-এর প্রার্থী রয়েছে। ফলে আইএসএফ-এর সঙ্গে যে বামফ্রন্টের ১৬ আনা জোট হচ্ছে না, তা স্পষ্ট। শুধু শরিক নয়, আইএসএফ-এর চাপে সিপিএম-কেও আপস করতে হচ্ছে। পাঁশকুড়া পশ্চিম আসনে সিপিএম প্রার্থী করেছিল পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে। সেই আসনে ইতিমধ্যে আইএসএফ-ও প্রার্থী দিয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে সিপিএম আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে দলীয় সূত্রে খবর, শেষ পর্যন্ত সিদ্ধান্তে বড় কোনও বদল না-হলে নিরঞ্জনের নাম প্রত্যাহার করে নেওয়া হবে। যেহেতু এখনও মনোনয়ন জমা পড়েনি, ফলে আইনি কোনও প্রক্রিয়া নেই। কিন্তু প্রচার শুরু হয়ে গিয়েছিল। সেখান থেকে সিপিএম-কে পিছু হটতে হবে। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের সিপিএম-এর অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতি দিয়ে বাম জোটের নির্বাচনী বোঝাপড়ার অঙ্ক স্পষ্ট করেছেন। সিপিআই (এম-এল) লিবারেশন এবং আইএসএফ-এর সঙ্গে আসন সমঝোতার কথা উল্লেখ করে তিনি বামফ্রন্টের শরিক দলগুলির আসন বোঝাপড়ার অঙ্ক জানিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘নির্বাচনী বোঝাপড়া অনুযায়ী বামফ্রন্ট ২৫২টি আসনে লড়বে বলে স্থির হয়েছে। এর মধ্যে সিপিএম ১৯৫টি, ফরওয়ার্ড ব্লক ২৩টি, সিপিআই ১৬টি, আরএসপি ১৬টি আসনে লড়বে। এ ছাড়া আরসিপিআই এবং মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক একটি করে আসনে লড়বে। এ অবস্থায় সহযোগী দলগুলির সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্যও বামফ্রন্টের সব শরিকের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

তবে বুধবার মধ্যমগ্রামের প্রার্থী ঘোষণার সময় ফরওয়ার্ড ব্লক সন্দেহ প্রকাশ করেছে আইএসএফ-এর ভূমিকায়। তাদের দাবি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাদের জানিয়েছিলেন, মধ্যমগ্রামে আইএসএফ লড়বে না। কিন্তু বামফ্রন্টের অনুরোধ উপেক্ষা করেই আইএসএফ মধ্যমগ্রামে প্রার্থী দিয়েছে বলে দাবি ফরওয়ার্ড ব্লকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement