West Bengal Election 2026

এখনও অনড় দুই শরিক, দ্বিতীয় তালিকার পথে বাম

আসনের জট কাটাতে বুধবার ফের ফ ব এবং আরএসপি নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, কালচিনি আসনের দাবি আইএসএফ ছেড়ে দেওয়ায় ওই আসন আরএসপি-কে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সিপিএম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৮:২৫
Share:

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। — ফাইল চিত্র।

দুই শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি দাঁড়িয়ে আছে একই জায়গায়। কিছুতেই তারা নমনীয় হতে রাজি নয়! এমতাবস্থায় সব ঠিক থাকলে আজৃ, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩৫-৪০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চলেছে বামফ্রন্ট। এই তালিকায় বেশির ভাগ আসনই সিপিএমের।

আসনের জট কাটাতে বুধবার ফের ফ ব এবং আরএসপি নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন সিপিএম নেতৃত্ব। সূত্রের খবর, কালচিনি আসনের দাবি আইএসএফ ছেড়ে দেওয়ায় ওই আসন আরএসপি-কে ফিরিয়ে দেওয়ার কথা বলেছে সিপিএম। কিন্তু কালচিনি-সহ নিষ্পত্তি হয়ে যাওয়া ১৪ আসনের বাইরে বোলপুর, বাসন্তী, ভরতপুর, আলিপুরদুয়ার নিয়ে সুর নরম করতে রাজি নয় আরএসপি। ভরতপুরে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন। তার জেরে জট কাটছে না। সূত্রের খবর, আগের দিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শরিক নেতাদের পাশে নিয়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পরে ফিরে গিয়ে ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় যে ভাবে চার আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি প্রকাশ্যে চলে এসেছে, তাতে এ দিন বৈঠকে উষ্মা প্রকাশ করেছেন সিপিএম নেতৃত্ব। ফ ব আবার পাল্টা বলেছে, এমন হলে আজ ফ্রন্ট বৈঠকে তারা উপস্থিত হবে না! সূত্রের ইঙ্গিত, পরে সিপিএম নেতৃত্ব ঠিক করেছেন, ফ ব এমন আচরণ চালিয়ে গেলে তাদের জন্য ঠিক হয়ে থাকা আসনেও আপাতত প্রার্থী ঘোষণা করা হবে না। আইএসএফের জন্য আপাতত ৩২টি ও অন্য আরও কিছু অমীমাংসিত আসন ছেড়ে রেখে আজ দ্বিতীয় তালিকা ঘোষণা হওয়ার কথা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, ‘‘যে আসন ছাড়া যাবে না বলে অনেক আগেই বলা হয়েছে, সে সব নিয়েও একই রকম টানাপড়েন এখনও চলছে। শরিকদের সঙ্গে বৈঠকে মনে হচ্ছে, যাকে আসন ছাড়া হবে, সে-ই জিতে আসবে বলে যেন নিশ্চিত! এত দেরি করলে আমাদের সকলেরই ক্ষতি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন