মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বিজেপির বুথে বসার লোক নেই বলে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বুথে বসার লোক নেই। এজেন্সিকে দিয়ে ফর্ম পূরণ করাচ্ছে। তাদের বুথে বসাচ্ছে। টাকার ভান্ডার নিয়ে এসেছে।”
মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে কেন জোড়া হল, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এটাও আসলে রাজ্য ভাগ, ভোটারদের নাম কাটা এবং এনআরসি করার চক্রান্ত।
নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্যই যে এসআইআর, তা নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন শাহ। এই সূত্রে তিনি বলেন, “যারা তাড়ানোর কথা বলছে, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব।”
বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “এত যখন কাজের ইচ্ছা, তখন ভোটের আগে করোনি কেন বাপু? এখন ফর্ম পূরণ করাচ্ছে। ফর্মে আপনাদের নাম-ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নিচ্ছে। ভুলেও দেবেন না। যেটুকু ছিল, তা-ও লুট করে নেবে।”
মাথাভাঙার সভায় মমতা বলেন, “আমার হাতে আইনশৃঙ্খলার ভার এখন না-থাকলেও আগামী দিনে থাকবে।” কোচবিহারে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। বলেন, “ভোট এলেই কোচবিহারে অশান্তি কেন হবে?”