বৃহস্পতিবার ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন অমিত শাহ এবং শমীক ভট্টাচার্যও। ছবি: সংগৃহীত।
ভবানীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বেরিয়ে গিয়েছেন সার্ভে বিল্ডিং থেকে। কলকাতার পরে অসমে কর্মসূচি রয়েছে শাহের। সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে অসমের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
সার্ভে বিল্ডিংয়ের কাছে জড়ো হওয়া তৃণমূল কর্মী-সমর্থকেরা আচমকা হামলা চালান বলে অভিযোগ বিজেপির। তাতে জখম হন এক বিজেপি কর্মী। তাঁর চোখে আঘাত লেগেছে। সার্ভে বিল্ডিংয়ের সামনেই পড়ে গিয়েছেন ওই বিজেপি কর্মী।
সার্ভে বিল্ডিংয়ের বাইরে রাস্তায় পড়ে রয়েছেন বিজেপি কর্মী। — নিজস্ব চিত্র।
সার্ভে বিল্ডিং থেকে বেরোলেন অমিত শাহ। কলকাতা থেকে অসমে যাবেন তিনি। সেখানে তাঁর পরবর্তী কর্মসূচি রয়েছে। সার্ভে বিল্ডিংয়ের গেটের সামনেও তৃণমূলের ১০-১৫ জন কর্মী-সমর্থক দলীয় পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সেখানেও চলে স্লোগান এবং পাল্টা স্লোগান।
শাহের গাড়ি চলে যেতেই তৃণমূলের জমায়েতের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। মাঝখানে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি চলে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখেই।
নিরাপত্তা সংস্থা মমতার বাড়ির গলির সামনে দিয়ে শাহকে আর ট্রাকে চেপে যেতে দেয়নি। গাড়িতে করেই সার্ভে বিল্ডিং গেলেন তিনি। রোড শো আগের মতোই রাস্তা দিয়ে এগোচ্ছে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁদের সঙ্গে বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকেরাও। পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
অমিত শাহ, শুভেন্দুদের রোড শো যে পথ দিয়ে এগোবে, কালীঘাটে সেই পথের ধারে জমায়েত শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির মুখে জমায়েত শুরু হয়েছে। উঠছে স্লোগানও। যদিও শাহের রোড শো এখনও সেখানে পৌঁছোয়নি।
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে তৃণমূলের জমায়েত। — নিজস্ব চিত্র।
শুভেন্দুদের রোড শো চলাকালীন কালীঘাটে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। উঠছে জয় বাংলা স্লোগানও। তৃণমূল সমর্থকদের ওই বিক্ষোভস্থলে মোতায়েন রয়েছে পুলিশও।
শুভেন্দু অধিকারীদের মনোনয়ন জমার রোড শোয়ে রয়েছেন অমিত শাহ। রোড শোয়ের সময়ে রাস্তায় পুষ্পবৃষ্টি চলছে।
শুভেন্দু অধিকারীদের মনোনয়নপর্বের রোড শো শুরু হয়েছে হাজরা মোড় থেকে। রোড শোয়ের গাড়িতে শুভেন্দুর সঙ্গে রয়েছেন অমিত শাহ।
ভবানীপুরবাসীর উদ্দেশে শাহ বলেন, “পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হবেই। ভবানীপুরে পরিবর্তন করতে হবে কি হবে না? আমি হাতজোড় করে আপনাদের বলছি, পুরো রাজ্যের মুক্তির জন্য আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিপুল জনমতে জয়ী করুন।”
শাহ বলেন, “আমাদের শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি শুভেন্দুদাকে বললাম, শুধু নন্দীগ্রাম নয়। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে। আর ওঁর তো রেকর্ড আছেই। গত ভোটে মমতা পশ্চিমবঙ্গে সরকার তো গড়েছিলেন, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরে গিয়েছিলেন। এ বার মমতা গোটা রাজ্যে তো হারবেনই, ভবানীপুরেও হারবেন।”
শাহ বলেন, “একটা একটা করে আসন জিতে আমরা ১৭০ আসনে পৌঁছোব। তবেই তো পরিবর্তন হবে। কিন্তু আমার কাছে শর্টকাট আছে। ভবানীপুরবাসী একটি আসন জেতালেই পরিবর্তন নিজে থেকেই হয়ে যাবে।”
শাহ বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে হবে। মোদীজির নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের সীমান্তকে সিল করে এ রাজ্য এবং গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে তাড়াতে হবে।”
হাজরার মঞ্চ থেকে বক্তৃতা করছেন অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এ রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।”
হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা করছেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
গুরুদ্বারে গিয়ে প্রার্থনার পরে এ বার ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে আরাধনা করলেন শুভেন্দু অধিকারী।
হাজরা মোড়ে সকাল ১১টা ৫০ মিনিটে শুভেন্দুদের রোড শো শুরু হবে। ইতিমধ্যে সেখানে বিজেপির কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে দিয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার আগে ভবানীপুরের এক গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করেন শুভেন্দু অধিকারী। দুপুরে হাজরা মোড় থেকে রোড শো করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে থাকবেন অমিত শাহও।