ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
একনাগারে পড়ে চলেছে বৃষ্টি। রাস্তাঘাট ভরে গিয়েছে প্যাচপেচে কাদায়। জমেছে জল। মানুষের কাছে দুর্যোগ থেকে নিজেকে বাঁচানোর নানা উপায় থাকলেও, অবোলা পশুদের কাছে তা নেই। তা সত্ত্বেও কাদা এবং জমা জল থেকে নিজেকে বাঁচানোর অভিনব উপায় খুঁজে বার করল এক গরু। উঠে পড়ল টিনের চালে। গবাদি পশুর অদ্ভুত সেই কাণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঝোরে পড়ে চলেছে বারিধারা। আশপাশে কোনও লোক দেখা যাচ্ছে না। বদলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। টিনের চালে উঠে দাঁড়িয়ে রয়েছে একটি গরু। গবাদি পশুর ভারে বেঁকে গিয়েছে টিনের চাল। গরুটির ভারে চালটি প্রায় ভেঙে যাচ্ছে। কিন্তু সে সবে তার হুঁশ নেই। সে চালের উপর দাঁড়িয়ে দেখে চলেছে আশপাশ। গরুটি সেখানে কী ভাবে উঠল তা সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘রেয়ারইন্ডিয়ানক্লিপস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ১৫ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘গরুটি নিজের বিলাসবহুল বাড়ি খুঁজে পেয়েছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জীবনই সব কিছু, সে মানুষ হোক বা পশু।’’ গরুটি কী ভাবে অত উপরে উঠল তা ভেবে অবাক হয়েছেন নেটাগরিকেরা।