ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার মাঝে বাইকচালকের সঙ্গে বচসা বেধেছে লরিচালকের। রাস্তা আটকানোর ঝোঁক চাপল বাইকচালকের মাথায়। তিনি ঝগড়ার মাঝে দু’চাকাকে রাস্তার মাঝে পার্ক করার সিদ্ধান্ত নিলেন। বিষয়টি পছন্দ হল না এক জেসিবি চালকের। দৈত্যাকার গাড়ি এগিয়ে এনে বাইকটিকে ধাক্কা মেরে চলে গেলেন তিনি। একটু আগেও রাস্তা আটকাতে চাওয়া তরুণ চুপচাপ দাঁড়িয়ে শখের বাইকটিকে গুঁড়িয়ে যেতে দেখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার এক পাশ আটকে দাঁড়িয়ে রয়েছেন কয়েক জন তরুণ। তাঁদের সঙ্গে রয়েছে বাইক। লরিচালকের সঙ্গে ঝামেলা লেগেছে তাঁদের। তাই রাস্তার এক ধার আটকে ঝামেলা বাধিয়েছেন তাঁরা। এক তরুণের হঠাৎ মনে হল পুরো রাস্তাই আটকে দেবেন তিনি। তাই বাইকটি নিয়ে গিয়ে রাস্তার মাঝবরাবর দাঁড় করালেন। কিন্তু সেখান থেকে সরে আসতেই ঘটে গেল এমন এক ঘটনা যা তরুণ কল্পনাও করেননি। লরির পিছনে দাঁড়িয়ে ছিল একটি জেসিবি। সেই গাড়ির চালকের হয়তো রাস্তা আটকে রেখে তরুণের করে চলা এই ‘নাটক’ পছন্দ হল না। তিনি ঝড়ের গতিতে জেসিবি ছুটিয়ে এনে বাইকটিকে ধাক্কা মেরে চলে গেলেন। বাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ল। নানা অংশ খুলে গেল। তরুণ সবটা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ ৩৮ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। আট হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জেসিবিচালক তরুণকে সঠিক শিক্ষা দিয়েছেন।’’ অপর এক নেটটাগরিক মন্তব্য করেছেন, ‘‘পুরো সিনেমার দৃশ্য।’’