School Buses

তোলা হচ্ছে স্কুলগাড়িও! পঠনপাঠনও কি ‘বন্ধ’

কলকাতার বহু পড়ুয়ার স্কুলে যাতায়াতে সমস্যা দেখা দিতে চলেছে। পরিস্থিতি এমন যে চলতি সপ্তাহে শুক্রবার থেকে স্কুলে যাতায়াত করা আদৌ সম্ভব কিনা, সেই সংশয়ে ভুগছেন অভিভাবকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৫:৫৪
Share:

— প্রতীকী চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ, বৃহস্পতিবার। এক সপ্তাহ পরে দ্বিতীয় দফায় কলকাতা এবং পার্শ্ববর্তী একাধিক জেলায় ভোট। তার আগেই কলকাতার বহু পড়ুয়ার স্কুলে যাতায়াতে সমস্যা দেখা দিতে চলেছে। পরিস্থিতি এমন যে চলতি সপ্তাহে শুক্রবার থেকে স্কুলে যাতায়াত করা আদৌ সম্ভব কিনা, সেই সংশয়ে ভুগছেন অভিভাবকেরা।

প্রথম দফার ভোটের আগে ওই কাজে ব্যবহারের জন্য বুধবার শহরের বিভিন্ন জায়গায় পুলিশ স্কুলগাড়ি আটক করছে বলে অভিযোগ। যে সব গাড়ি আগেই অধিগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, তাদেরও আটক করে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগে ভোটের কাজে যেতে বলা হয়েছে বলে অভিযোগ। কলকাতায় যে সব স্কুলগাড়ি আগেই নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ২৭ তারিখ থেকে ভোটের কাজে যাওয়ার কথা। স্কুলগাড়ি সংগঠনের অভিযোগ, সুগম অ্যাপে ওই সব স্কুলগাড়ির বিস্তারিত তথ্য আগেই দেওয়া হয়েছে। তার পরেও পুলিশ রাস্তা থেকে গাড়ি আটক করছে।

‘পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সুদীপ দত্ত জানান, এই সমস্যার কথা জানিয়ে তাঁরা ডিসি ট্র্যাফিককে এ দিন চিঠি দেন। পরে পুলিশের হস্তক্ষেপে আগে নেওয়া গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়। যে সব গাড়ি আগে নেওয়া হয়নি, তাদের এ দিন ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিভিন্ন অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ দিন চেতলার শ্রী শ্রী অ্যাকাডেমি, সাউথ পয়েন্ট, জি ডি বিড়লা, রানিকুঠি স্কুল ছাড়াও প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস-সহ বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে যাতায়াত করে, এমন স্কুলগাড়ি আটক করা হয়। গড়িয়া, রুবি, গোলপার্ক, টালিগঞ্জ ট্রাম ডিপো-সহ বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ি আটক করার ঘটনা ঘটেছে।

এ দিন সুদীপ বলেন, ‘‘পুলিশের ধরপাকড় চলতে থাকলে চলতি সপ্তাহে আর পড়ুয়াদের নিয়ে যাতায়াত করা সম্ভব নয়। গাড়ি নেওয়ার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করায় পরিষেবা দিতে খুব সমস্যা হচ্ছে।’’ পুলিশের দাবি, দু’দফায় নির্বাচন হওয়ায় ভোটের জন্য গাড়ির চাহিদা বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন