Narendra Modi in Kolkata

রবিবার ফের রাজ্যে মোদী, বিকেলে উত্তর কলকাতায় রোড শো! দিনভর ঠাসা কর্মসূচি

শুক্রবার মোদী পানিহাটিতে জনসভা করে গিয়েছেন। আরজি করে নির্যাতিতার মাকে পাশে নিয়ে বিজেপি-কে জেতানোর বার্তা দিয়েছিলেন। এক দিনের ব্যবধানে এ বার কলকাতায় প্রচারে তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:২১
Share:

কলকাতায় বিধানসভা নির্বাচনের প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে প্রচার কর্মসূচি সেরে শুক্রবার দিল্লি ফিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি ফের রাজ্যে আসছেন। এ বার কর্মসূচি খাস কলকাতায়। রবিবার বিকেলেই তিনি উত্তর কলকাতায় রোড শো করবেন। এ ছাড়া, জেলায় আরও দু’টি জনসভা রয়েছে।

Advertisement

বিজেপি সূত্রে খবর, রবিবার, ২৬ এপ্রিল দুপুরে বনগাঁয় প্রথম জনসভা করবেন মোদী। বনগাঁর ঠাকুরনগরে তাঁর জনসভার আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় দুপুর ২টো ১৫ মিনিট। সেখানে সভা সেরে মোদী যাবেন হুগলিতে। আরামবাগের হরিপাল এলাকায় তাঁর দ্বিতীয় জনসভা রয়েছে। তার নির্ধারিত সময় বিকেল ৩টে ৪৫ মিনিট। এর পরেই কলকাতায় আসবেন মোদী।

আনুমানিক বিকেল সাড়ে ৫টা থেকে মোদীর রোড শো শুরু হওয়ার কথা। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে মিছিল শুরু হবে। খান্না ক্রসিং পর্যন্ত তা চলবে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মোদীর কর্মসূচি শেষ হবে বলে এখনও পর্যন্ত খবর। কলকাতার বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার করবেন। এর ফলে বিকেলের দিকে শহরের রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে।

Advertisement

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে ৯২.৮৮ শতাংশ। ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনেও ভোট রয়েছে। ভোটে কড়া নজরদারির বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে বার বার রাজ্যে এসেছেন মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যেই রয়ে গিয়েছেন দীর্ঘ দিন। দ্বিতীয় দফার জন্য আপাতত সব দলই শেষ মুহূর্তের প্রচার সারছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে পর পর দু’টি জনসভা করবেন। শুক্রবার মোদী পানিহাটিতে জনসভা করে গিয়েছেন। আরজি করে নির্যাতিতার মাকে পাশে নিয়ে বিজেপি-কে জেতানোর বার্তা দিয়েছিলেন তিনি। এক দিনের ব্যবধানে এ বার কলকাতায় প্রচারে মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement