RG Kar Victim’s Mother

আরজি করের নির্যাতিতার মা প্রার্থী বিধানসভা নির্বাচনে, পানিহাটিতে লড়বেন বিজেপির টিকিটে, ঘোষণা হচ্ছে আজই

পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থীর কথায়, ‘‘আমিই গতকাল সিদ্ধান্ত নিয়েছি যে, বিজেপির প্রার্থী হিসাবে আমি লড়তে চাই।’’ তিনি বলেন, ‘‘অনেক দিন ধরেই আমাকে প্রার্থী হতে বলা হচ্ছিল। আমি রাজি ছিলাম না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৪:৪৮
Share:

পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন আরজি করে নির্যাতিতার মা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকায় বড় চমকের সম্ভাবনা। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ধর্ষণ ও খুন হওয়া মহিলা চিকিৎসকের মা-কে বিজেপি প্রার্থী করছে। যে এলাকায় আরজি করের নির্যাতিতা থাকতেন, সেই পানিহাটি থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। পদ্ম-প্রতীকের প্রার্থী হওয়ার ইচ্ছার কথা তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন বলেও নির্যাতিতার মা জানিয়েছেন।

Advertisement

পানিহাটির সম্ভাব্য বিজেপি প্রার্থীর কথায়, ‘‘আমিই গতকাল সিদ্ধান্ত নিয়েছি যে, বিজেপির প্রার্থী হিসাবে আমি লড়তে চাই।’’ তিনি বলেন, ‘‘অনেক দিন ধরেই আমাকে প্রার্থী হতে বলা হচ্ছিল। আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে, নারীদের নিরাপত্তা, নারী সুরক্ষা নিশ্চিত করতে হলে, আর পশ্চিমবঙ্গকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি থেকে মুক্তি দিতে হলে তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলা দরকার। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি এবং প্রার্থী হতে রাজি হয়েছি।’’

আরজি করের নির্যাতিতার পরিবারকে প্রার্থী হিসাবে পাওয়ার ইচ্ছা যে বিজেপি নেতৃত্বের ছিল, সে কথা বিজেপি সূত্রও অস্বীকার করছে না। তবে নির্যাতিতার পরিবার এত দিন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। তাই বুধবার বিকেল পর্যন্ত পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ছিল দলের পুরনো নেতা তথা রাজ্য বিজেপির সহ সভাপতি অনিন্দ্য (রাজু) বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বুধবার বিকেলের পর থেকে পরিস্থিতি বদলে যায়। নির্যাতিতার মায়ের কথায়, ‘‘আমি নিজেই গতকাল বিকেলে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়েছি যে, আমি প্রার্থী হতে চাই।’’ বিজেপির কোন নেতাকে তিনি বা তাঁরা ফোন করেছিলেন, নির্যাতিতার পরিবার সে কথা জানাতে চায়নি। তবে সেই ফোন পাওয়ার পরেই পানিহাটিতে দলের প্রার্থীর নাম পুনর্বিবেচনা করা শুরু হয় বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।

Advertisement

২৯৪টি আসনের মধ্যে ১৪৪টি আসনের প্রার্থীদের নাম কয়েক দিন আগেই বিজেপি ঘোষণা করে দিয়েছিল। বাকি ১৫০টি আসনের তালিকা নিয়ে গত তিন দিন ধরে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছিল দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে। বুধবার রাত ১০টা ৪০ নাগাদ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শেষ হয়। সেখানেই প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেই তালিকা ভাবে প্রকাশ হওয়ার কথা। তার আগে বিজেপির তরফ থেকে পানিহাটির প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। কিন্তু আরজি করের নির্যাতিতার মা নিজেই বৃহস্পতিবার জানিয়েছেন যে, তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। তাই বিজেপির প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়া ঘিরে কৌতূহল আরও বেড়েছে নানা মহলে।

আরজি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে একাধিক বার ক্ষোভ উগরেছে নির্যাতিতার পরিবার। সিবিআই-এর এক মহিলা আধিকারিকের নাম করে তারা বার বার অভিযোগ করেছেন যে, তদন্তকে ওই আধিকারিক সঠিক দিশায় নিয়ে যেতে চাননি। সেই অভিযোগ লিখিত ভাবে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষনেতাদের হাতেও তারা তুলে দিয়েছিল। কিন্তু পরে বিজেপির ভূমিকা নিয়েও তারা তোপ দাগে। বিজেপি নেতৃত্ব এখন আর তাদের সঙ্গে যোগাযোগ রাখেন না, খোঁজ নেন না বলে তারা মন্তব্য করেছিল। সে মন্তব্যের কিছু দিনের মধ্যেই নির্যাতিতার মা অবস্থান বদলে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সে বিষয়ে নির্যাতিতার মায়ের বক্তব্য, ‘‘আমি মেয়ের বিচার চাই, নারীদের সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা চাই। আমাদের মনে হয়েছে, এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি-ই ক্ষমতায় আসতে পারে। তাই আমরা বিজেপিতেই যোগ দিয়েছি। আমার মনে হয়েছে, আমার মেয়ের জন্য ন্যায় পেতে হলে বিজেপির সঙ্গেই থাকা দরকার।’’

পানিহাটি আসনে রাজ্যের শাসক দল তৃণমূল এ বার প্রার্থী বদল করেছে। ২০১১ সাল থেকে একটানা পানিহাটির বিধায়ক ছিলেন তৃণমূলের নির্মল ঘোষ। তিনি বিধানসভায় সরকারি দলের মুখ্য সচেতকও ছিলেন। এ বার নির্মলকে টিকিট দেয়নি তৃণমূল। দেওয়া হয়েছে তাঁর পুত্র তথা পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement