মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মানিকতলায় তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মানিকতলার বিধায়ক সাধন মারা যান। পরে ওই আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন তাঁর স্ত্রী সুপ্তি। চলতি বিধানসভা নির্বাচনে সেই মানিকতলায় প্রার্থী করা হয়েছে ৪২ বছরের শ্রেয়াকে। তৃণমূলের প্রার্থী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গিয়েছে গত পাঁচ বছরে তাঁর আয় বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। তাঁর বিরুদ্ধে এফআইআর রয়েছে সিবিআইয়ের।
সম্পত্তি ও অর্থ
শ্রেয়া হলফনামায় জানিয়েছেন, ২০২০-২১ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৬১০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় বেড়ে হয়েছে ১০ লক্ষ ৩৬ হাজার ৫৩৯ টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ১২২ টাকা। শ্রেয়ার প্রায় ৫৮ ভরি সোনার গয়না রয়েছে, যার মূল্য ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার ৩১৯ টাকা। শ্রেয়া জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ৭ কোটি ৭৯ লক্ষ ৪ হাজার টাকা। শ্রেয়ার ঋণও রয়েছে। ব্যাঙ্ক এবং আত্মীয়, অন্য লোকজনের থেকে মোট ৩ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ২৫৯ টাকা ঋণ নিয়েছেন তিনি।
অপরাধের রেকর্ড
হলফনামা অনুসারে, ২০১৪ সালে শ্রেয়ার বিরুদ্ধে একটি এফআইআর করেছিল সিবিআই। ভুবনেশ্বরের সিবিআই আদালতে সেই মামলা উঠেছিল। প্রতারণা-সহ আর্থিক অপরাধের অভিযোগ উঠেছিল শ্রেয়ার বিরুদ্ধে। ওই মামলায় আদালত এখনও তাঁকে দোষী সাব্যস্ত করেনি বলে জানান শ্রেয়া।
শিক্ষাগত যোগ্যতা
শ্রেয়া হলফনামায় জানিয়েছেন, ২০০৩ সালে মডার্ন হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটিতে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। সেখানে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানান শ্রেয়া।