রাজপালকে উপেক্ষা করেছিলেন ওয়ামিকা? ছবি: সংগৃহীত।
৯ কোটি টাকার ঋণের বোঝা এখনও তাঁর মাথা থেকে নামেনি। তবে এর মধ্যেও আলোচনায় রাজপাল যাদব। সহ-অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তিনি। তাঁকে ঘিরেই একটি বিতর্কে জড়ান ওয়মিকা গব্বী। তার পর থেকেই অভিনেত্রী কটাক্ষের মুখে পড়ছেন। তাঁর সমর্থনে মুখ খুললেন রাজপাল।
‘ভূত বাংলা’র প্রচারের সময় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন ওয়ামিকা গব্বী। অনেকেই দাবি করেছিলেন, তিনি নাকি সহ-অভিনেতা রাজপালকে প্রকাশ্যে উপেক্ষা করেছেন। এই বিতর্কেই ওয়ামিকার পাশে রাজপাল। ঠিক কী ঘটেছিল?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রচারের সময়ে ওয়ামিকা দ্রুত প্রযোজক একতা কপূরের দিকে এগিয়ে যান। আর সেই সময় রাজপাল নিজের চুল ঠিক করছিলেন। কিন্তু ভিডিয়োটি দেখে রাজপালের অনুরাগীদের মনে হয়েছিল, রাজপাল নাকি ওয়ামিকাকে আলিঙ্গন করতে যাচ্ছিলেন। কিন্তু ওয়ামিকা মুখ ফিরিয়ে নেন। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিনেতা চুল ঠিক করতে থাকেন।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রাজপালের অনুরাগীদের দাবি, ইচ্ছে করেই অভিনেতাকে প্রকাশ্যে এই ভাবে এড়িয়ে গিয়েছেন ওয়ামিকা।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল জানান, পুরো বিষয়টাই আসলে ক্যামেরার কারণে ভুল ভাবে দেখেছেন সকলে। তাঁর কথায়, “অনেক সময় ক্যামেরা এমন ভাবে দৃশ্যটি তুলে ধরে যে, মনে হয় কেউ যেন কাউকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটে না।”
রাজপাল আরও জানান, ছবির প্রচারের সময়ে অনেক মানুষ একসঙ্গে থাকেন এবং নানা দিক থেকে ক্যামেরা থাকে। ফলে ছোট ছোট মুহূর্তও অনেক সময় ভুল ভাবে ব্যাখ্যা করা হয়।
তবে রাজপাল স্পষ্ট জানিয়েছেন, ওয়ামিকাকে নিয়ে তৈরি হওয়া ধারণা একেবারেই ভুল। তিনি বলেন, “আমরা সবাই, ওয়ামিকা, আক্কি পাজি (অক্ষয় কুমার) এবং অন্যরা সকলে এই বিষয়টা নিয়ে হাসাহাসিও করেছি।”
উল্লেখ্য, ‘ভূত বাংলা’ ছবি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও তব্বু।