Municipality Recruitment Case

আপাতত ইডির মুখোমুখি হতে হচ্ছে না মন্ত্রী সুজিতকে! হাই কোর্ট জানাল, তবে ভোট মেটার পরই হাজিরা দিতে হবে

বিগত কয়েক দিনের মধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিতকে একাধিক বার তলব করেছে ইডি। তবে তিনি প্রতি বারই ইডির থেকে সময় চেয়ে চিঠি পাঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৪৩
Share:

সুজিত বসু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হতে হচ্ছে না রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট আপাতত স্বস্তি দিল তাঁকে। আদালত জানিয়েছে, ভোট মিটলে তার পরেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে।

Advertisement

বিগত কয়েক দিনের মধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিতকে একাধিক বার তলব করেছে ইডি। তবে তিনি প্রতি বারই ইডির থেকে সময় চেয়ে চিঠি পাঠান। সুজিত জানিয়েছিলেন, তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ভোট মিটলে হাজিরা দেবেন। বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থও হন রাজ্যের দমকলমন্ত্রী।

বৃহস্পতিবার সুজিতের আবেদনের ভিত্তিতে হওয়া মামলার শুনানি ছিল হাই কোর্টে। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও জানান, এখনই ইডি দফতরে যেতে হবে না সুজিতকে। কবে হাজিরা দেবেন তিনি, তা-ও আদালত জানিয়েছে। বিচারপতি রাওয়ের নির্দেশ, আগামী ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে।

Advertisement

শুধু সুজিত নন, রাজ্যের আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই মামলায় তলব করেছিল ইডি। উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে বিধাননগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজিত এবং মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন রথীন। ভোটের মুখে বার বার তাঁদের তলব নিয়ে চাপানউতর শুরু হয়।

২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement