West Bengal Election 2026

বঙ্গে ভোটের আগেই মহিলা সংরক্ষণে সংশোধনীর ভাবনা

পশ্চিমবঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোটগ্রহণ ২৩ এপ্রিল। দুই রাজ্যেই বর্তমান শাসক দল তৃণমূল এবং ডিএমকে-র কাছে মহিলা ভোটব্যাঙ্ক তাৎপর্যপূর্ণ। বিশেষত পশ্চিমবঙ্গে বিজেপিকে সাফল্য পেতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটব্যাঙ্কে ধাক্কা দেওয়া জরুরি।

প্রেমাংশু চৌধুরী

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৮:০৩
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের আগেই মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে নরেন্দ্র মোদী সরকার। এ বিষয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ১৬ এপ্রিল থেকে দিন তিনেকের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে ১৬ এপ্রিল লোকসভায় মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ হবে। এখনও অবশ্য কিছুই চূড়ান্ত হয়নি।

পশ্চিমবঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোটগ্রহণ ২৩ এপ্রিল। দুই রাজ্যেই বর্তমান শাসক দল তৃণমূল এবং ডিএমকে-র কাছে মহিলা ভোটব্যাঙ্ক তাৎপর্যপূর্ণ। বিশেষত পশ্চিমবঙ্গে বিজেপিকে সাফল্য পেতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোটব্যাঙ্কে ধাক্কা দেওয়া জরুরি। দুই রাজ্যে ভোটের ঠিক আগে মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাশ করানো গেলে মহিলা ভোটারদের সদর্থক বার্তা দেওয়া যাবে বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন। কারণ, ওই বিল পাশ হলে ২০২৯-এর লোকসভা নির্বাচন থেকেই লোকসভার এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তার আগে লোকসভার আসন পুনর্বিন্যাসও সেরে ফেলা হবে।

মোদী সরকার আঞ্চলিক দলগুলিকে বার্তা দিয়েছে, ২০১১-র জনগণনার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস হবে। তার ফলে লোকসভার আসন ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হবে। এর মধ্যে ২৭২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। কিন্তু লোকসভার মোট আসনের সঙ্গে এখন কোনও রাজ্যের আসনের যে অনুপাত রয়েছে, লোকসভার আসন বেড়ে গেলেও সেই অনুপাত বজায় থাকবে। দক্ষিণ ভারত, পূর্ব ভারতের রাজ্যগুলির আশঙ্কা ছিল, বর্তমান জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস হলে এই রাজ্যগুলির লোকসভায় প্রতিনিধিত্ব কমে যাবে। কারণ, উত্তর ভারতের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। দক্ষিণ, পূর্ব ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভাল কাজ হয়েছে। তা সত্ত্বেও তাদের শাস্তি পেতে হবে। মোদী সরকারের বার্তা, লোকসভার আসন বাড়লেও মোট আসনের তুলনায় রাজ্যগুলির লোকসভা আসনের অনুপাতএকই থাকবে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার সংসদে বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ আইন পাশ করিয়েছিল। তাতে বলা ছিল, ২০২৭-এর জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করে লোকসভা, বিধানসভার এক-তৃতীয়াংশ আসনে মহিলা সংরক্ষণ কার্যকর হবে। সেই অনুযায়ী ২০৩৪-এর লোকসভা ভোটে মহিলা সংরক্ষণ কার্যকর হত। বুধবার, ১ এপ্রিল থেকে ২০২৭-এর জনগণনার কাজ শুরু হচ্ছে। মোদী সরকারের পরিকল্পনা, সেই জনগণনার ফলের জন্য অপেক্ষা না করেই ২০১১-র জনগণনার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস করে ফেলা। তার জন্য জুনেই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন কমিশন গঠন করতে চাইছে মোদী সরকার। গত শুক্রবারই এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘সরকার ২০২৯-এর ভোটেই মহিলা সংরক্ষণ চালু করতে চায়। তার জন্য আসন পুনর্বিন্যাস কমিশন দ্রুত গঠন করা দরকার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন