Election Commission vs TMC

‘গেট লস্ট’ বলেছেন জ্ঞানেশ কুমার! দাবি করলেন ডেরেক, ‘ওঁরা ভিতরে চিৎকার-চেঁচামেচি করছিলেন’, পাল্টা বলল কমিশন

কমিশনের সদর দফতর থেকে বেরিয়ে তৃণমূলের অভিযোগ, বৈঠকে ছ’টি বিষয় উল্লেখ করতে চেয়েছিল তারা। কিন্তু কথা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই জ্ঞানেশ সকলকে বেরিয়ে যেতে বলেন। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ‘উদ্ধত’ আচরণের অভিযোগ করেছে কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১২:০৮
Share:

(বাঁ দিকে) জ্ঞানেশ কুমার এবং ডেরেক ও’ব্রায়েন (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিল্লিতে নির্বাচন সদনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের বৈঠক ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজধানীর রাজনীতি। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের ‘গেস্ট লস্ট’ বলে কমিশন থেকে বার করে দিয়েছেন। তৃণমূলের এই দাবি নিয়ে সরাসরি কিছু না-বললেও কমিশন পাল্টা দাবি করে, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যেরা চিৎকার-চেঁচামেচি করছিলেন।

Advertisement

বিবেচনাধীন তালিকা থেকে ২৭ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। মঙ্গলবার হিসাব দিয়ে জানায় নির্বাচন কমিশন। তার পরই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল জানায়, তারা দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে। সেই মতো বুধবার সকাল ১০টায় তৃণমূলের চার জনের প্রতিনিধি দল কমিশনের সদর দফতরে যায়। তবে কিছু ক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসে। প্রতিনিধি দলে থাকা ডেরেক ও’ব্রায়েন জানান, ‘গেস্ট লস্ট’ বলে কমিশন দফতর থেকে তাঁদের বার করে দিয়েছেন জ্ঞানেশ! অন্য দিকে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি জানিয়েছে কমিশন। তাদের দাবি, তৃণমূলকে তারা স্পষ্ট জানিয়েছে এ বারের নির্বাচন ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ চায় কমিশন। শুধু তা-ই নয়, বৈঠকে ডেরেককে সংযত থাকার কথা বলেছেন জ্ঞানেশ, খবর সূত্রের।

কমিশনের সদর দফতর থেকে বেরিয়ে তৃণমূলের অভিযোগ, বৈঠকে ছ’টি বিষয় উল্লেখ করতে চেয়েছিল তারা। কিন্তু কথা শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই জ্ঞানেশ সকলে বেরিয়ে যেতে বলেন। মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে ডেরেক বলেন, ‘‘উনি জানেন না কার সঙ্গে খেলছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।’’ তাঁর দাবি, ‘‘বৈঠকে কিচ্ছু হয়নি। একটাও কথা বলেনি। আমি বলছি, বৈঠকে কোনও কথা হয়নি। উনি নিজের সঙ্গে কথা বলেছেন।’’

Advertisement

বৈঠকের বিষয় উল্লেখ করে ডেরেক বলেন, ‘‘আমরা ছ’টি উদাহরণ দিয়েছিলাম। একই সঙ্গে এ-ও বলেছি আমাদের মুখ্যমন্ত্রী ন’টি চিঠি দিয়েছেন। কিন্তু কোনও উত্তর দেননি।’’ জ্ঞানেশকে ‘ক্রিমিনাল’ বলেও আক্রমণ ডেরেকের। উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও ছিলেন রাজ্যসভার আরও দুই তৃণমূল সাংসদ মেনকা গোস্বামী এবং সাগরিকা ঘোষ। এ ছাড়াও ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সকেত গোখলে। কমিশনে তাঁরা স্মারকলিপি জমা দেন।

নির্বাচন সদনের বাইরে সকেত গোখলে, ডেরেক ও’ব্রায়েন, মেনকা গোস্বামী এবং সাগরিকা ঘোষ। ছবি- সংগৃহীত।

তৃণমূলের বৈঠকের পরই কমিশন একটি বার্তা দেয়। সেই বার্তায় জানানো হয়, কমিশন তৃণমূলকে জানিয়ে দিয়েছে এ বারের নির্বাচন হিংসামুক্ত, ভয়মুক্ত করতে হবে। এক্স হ্যান্ডলের পোস্টে তৃণমূলকে বার্তা দেওয়ার বিষয়টি জানায় কমিশন। সূত্রের খবর, বৈঠকে গলা চড়ালে ডেরেককে সংযত থাকতে বলেন জ্ঞানেশ। কমিশন সূত্রে খবর, বৈঠকের মাঝে ডেরেককে শিষ্টাচার মানার অনুরোধ করেন মুখ্য নির্বাচন কমিশনার। উচ্চস্বরে এবং অশালীন ভাষায় কথা না-বলার জন্যও সতর্ক করেন।

Advertisement

বুধবার নির্বাচন সদনে তৃণমূল এবং কমিশনের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজধানী। একই ছবি দেখা গিয়েছিল মাস খানেক আগে। গত ২ ফেব্রুয়ারি জ্ঞানেশের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সে দিন বৈঠক মাঝপথে ‘বয়কট’ করে বেরিয়ে এসেছিলেন মমতা। অভিযোগ করেন, ‘‘বৈঠকে আমাদের অপমান, অসম্মান করা হয়েছে।’’ তার মাস দুয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যখন কমিশনের সদর দফতরে গিয়েছিলেন, তখনও একই অভিযোগ উঠেছিল। বৈঠক থেকে বেরিয়ে অভিষেক দাবি করেন, ‘‘আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচুগলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন (জ্ঞানেশ)। আমি তখন বলি, আঙুল নামিয়ে কথা বলুন। আপনি কিন্তু মনোনীত। আমি জনগণের দ্বারা নির্বাচিত।’’ বুধবার আবার সেই দিল্লির নির্বাচন সদনে দেখা গেল তৃণমূল-কমিশন দ্বন্দ্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement