ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করার সুযোগ। মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্টস, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র প্রোগ্রামার এবং ডেপুটি ডিরেক্টর পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ৫৩টি।
স্টেনোগ্রাফার
উল্লিখিত পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড এবং ৩০টি শব্দ টাইপিং-এর দক্ষতা থাকা জরুরি। এ ক্ষেত্রে অন্তত দু’বছর স্টেনোগ্রাফার হিসাবে কাজের পূর্ব-দক্ষতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া চাই।
জুনিয়র অ্যাসিস্ট্যান্টস
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ল্যান আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এ ছাড়াও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হওয়া চাই। বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের গণিত কিংবা রাশিবিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রে কোনও সরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।
জুনিয়র প্রোগ্রামার
কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
ডেপুটি ডিরেক্টর
ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড-এর (ডিএনবি) মতো পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ করা হবে। তাঁদের মেডিক্যাল এডুকেশন টেকনোলজি নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীরা অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ৭ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এর আগে ওই আবেদনের পোর্টাল ৩০ জুন চালু হওয়ার কথা ছিল। বোর্ডের তরফে প্রশাসনিক কারণে আবেদনের দিন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।