— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা স্থায়ী পদে চাকরির সুযোগ পাবেন। শূন্যপদ চারটি।
নয়া দিল্লির ন্যাশনাল মিউজ়িয়ামস অফ ন্যাচরাল হিস্ট্রিতে কাজের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট, ইলেকট্রিশিয়ান পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
আর্টিস্ট পদে পেন্টিং, কর্মাশিয়াল আর্ট, ফাইন আর্ট, অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মডেলার হিসাবে মডেলিং বা স্কাল্পচার বিষয়ে ডিপ্লোমা প্রাপ্তদের কাজের সুযোগ দেওয়া হবে। প্রার্থীদের সরকারি সংস্থায় উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
প্রজেকশনিস্ট হিসাবে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। চলচ্চিত্র কিংবা তথ্যচিত্র প্রদর্শনের জন্য যে সমস্ত প্রজেক্টর ব্যবহার করা হয়, তা চালানোর দক্ষতা এবং পূর্ব-অভিজ্ঞতা প্রার্থীদের থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রার্থীদের সরকারি অনুমোদন থাকতে হবে।
ইলেকট্রিশিয়ান পদে দশম উত্তীর্ণেরা যোগদানের সুযোগ পাবেন। তবে, তাঁদের ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা থাকা প্রয়োজন। বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজে তাঁদের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন হিসাবে পাবেন। সিকিমের গ্যাংটক এবং মধ্যপ্রদেশের ভোপালে তাঁদের কর্মস্থল হবে। আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ৯ মার্চ।