WB Professor Recruitment 2026

সংস্কৃত-সহ বিভিন্ন বিভাগে অধ্যাপক এবং শিক্ষক খুঁজছে বিশ্বভারতী, কোন শর্তে আবেদনের সুযোগ মিলবে?

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগে অধ্যাপক এবং শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কাজের জন্য দক্ষ কর্মী প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৩:১৪
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে সংস্কৃত বিভাগের জন্য অধ্যাপক নিয়োগ করা হবে। এ ছাড়াও বাংলা, দর্শন, হিন্দি-সহ মোট ১৭টি বিভাগের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গ্রন্থাগারে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান প্রয়োজন। মোট শূন্যপদ ২৬টি।

Advertisement

আবেদনের শর্ত:

উল্লিখিত পদে আবেদনকারীদের সংস্কৃত ভাষা ও সাহিত্যে পিএইচডি করা এবং বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ওই বিষয়ে অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ের গবেষণাপত্র কোনও মান্য পত্রিকায় প্রকাশিত হওয়া দরকার। অধ্যাপক পদে নিযুক্তকে প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল-১৪ অনুযায়ী বেতন দেওয়া হবে।

Advertisement

যে সব বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে, সেগুলি হল— বাংলা, হিন্দি, সংস্কৃত, দর্শন, ইন্দো-টিবেটান স্টাডিজ়, গণিত, রসায়ন, পালি চর্চা কেন্দ্র, সেতার। উল্লিখিত বিষয়ে শিক্ষকতার জন্য পিএইচডি যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে অন্তত আট বছরের শিক্ষকতা এবং গবেষণামূলক কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। নিযুক্তদের প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল-১৩এ অনুযায়ী বেতন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের দর্শন, জাপানি, ফরাসি, কর্মশিক্ষা, গ্রাফিক আর্ট, এসরাজ এবং মণিপুরি নৃত্য বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। নিযুক্তদের বেতনক্রম সপ্তম পে কমিশনের লেভেল-১০ অনুযায়ী হবে।

গ্রন্থাগারে কাজের জন্য লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স কিংবা ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। প্রার্থীদের নেট, সেট কিংবা স্লেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিযুক্তেরা সপ্তম পে কমিশনের লেভেল-১০ অনুযায়ী মাসে বেতন পাবেন।

আগ্রহীদের ২,০০০ টাকা ফি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে বিশ্বভারতীর ওয়েবসাইট মারফত আবেদন পাঠানো যাবে। আবেদনের শেষ দিন ১০ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement