জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার কাজের জন্য যোগ্য প্রার্থীর আবেদন চাওয়া হয়েছে। ওই কাজের জন্য এক জন ব্যক্তি প্রয়োজন। তাঁকে প্রতিষ্ঠানের কলকাতার সদর দফতরে গবেষণার কাজ করতে হবে।
প্রাণিবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, কিংবা লাইফ সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। তবে, প্রার্থীদের কোনও বিজ্ঞান বিষয়ক জার্নালে অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে।
প্রার্থীদের জল, মাটি কিংবা সমতুল উপাদানের কেমিক্যাল অ্যানালিসিস, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং-এর (এনজিএস) কৌশল জানা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তের জন্য ৫৮ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার আগে আগ্রহীদের ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনে তাঁরা অনলাইনে ইন্টারভিউয়ের জন্যও আর্জি জানাতে পারবেন। ইন্টারভিউ কলকাতার সদর দফতরে হতে চলেছে।