(বাঁ দিকে) আমির খান, (ডান ডিকে) গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত।
বছরদুয়েক ধরে একসঙ্গে থাকেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান। প্রথমে অনেকেই ভেবেছিলেন, এই বিয়ের খবর আদতে গুঞ্জন। পরে আমির নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন। আমির এর আগে দু’বার বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে। তাঁরা দু’জনেই সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। গৌরী কোন পেশার সঙ্গে যুক্ত?
খুব অল্প বয়সেই আমির ও রিনা বিয়ে করেছিলেন। আমিরের বয়স তখন সবে ২১। তাঁদের দুই সন্তান। রিনা তাঁর বাল্যকালের ভালবাসা। শুধু তা-ই নয়, ‘লগান’ ছবির প্রযোজকও তিনি। সেই ছবিতেই সহ-পরিচালক হিসাবে কাজ করেন কিরণ। পরবর্তীতে নিজেকে পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত করেন তিনি। কিরণ যে দু’টি ছবি পরিচালনা করেছেন, প্রতিটিই আমিরের প্রযোজিত।
আমিরের হবু স্ত্রী গৌরীও গ্ল্যামারের অলিন্দে ঘোরাফেরা করেন। তার পরেও তিনি ক্যামেরার সামনে ছবি তুলতে অস্বস্তি বোধ করেন। আসলে গৌরী এক জন উদ্যোগপতি। কেশসজ্জাশিল্পী তিনি। ফ্যাশন, ফটোগ্রাফি ও স্টাইলিং নিয়ে লন্ডন থেকে পড়াশোনা করেছেন তিনি। একটি নামী শ্যাম্পু প্রস্তুতকারক সংস্থার মালকিন গৌরী। এ ছাড়াও এই মুহূর্তে আমির খানের প্রযোজনা সংস্থায় কর্মরত তিনি। গৌরীর আগের বিয়ের একটি ছয় বছরের পুত্রসন্তান রয়েছে।