ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এসইউভি চেপে জ্বালানি ভরাতে এসেছিলেন। ট্যাঙ্কিতে তেলও ভরালেন। তার পর টাকা না দিয়েই গাড়ি ছুটিয়ে চলে গেলেন। পেট্রল পাম্পের কর্মী অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে গাড়িটিকে চলে যেতে দেখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার এক পেট্রল পাম্পে। কালো রঙের সেই থার গাড়িতে ছিল না কোনও নম্বরপ্লেট। পেট্রল পাম্পের কর্মী গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু লাভের লাভ হয় না। তাঁরা চলে যান। পেট্রল পাম্পের সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনা। পুলিশে এফআইআর দায়ের করা হচ্ছে। উত্তরপ্রদেশের যমুনাপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছেন বলে জানিয়েছেন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছে একটি কালো রঙের থার। পেট্রল পাম্পের কর্মী তাতে নজলের সাহায্যে জ্বালানি ভরে দিচ্ছেন। জ্বালানি ভরা হয়ে গেলে তিনি নজল রেখে গাড়িটির কাছে এলেন। গাড়িতে থাকা তেলের ছিদ্রটির মুখটি বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই গাড়িটি চলতে শুরু করল। পেট্রল পাম্পের কর্মী ছুটে গেলেন গাড়িটিকে আটকাতে। কিন্তু গাড়িটি দাঁড়াল না। অসহায় কর্মী থম মেরে দাঁড়িয়ে গাড়িটিকে চলে যেতে দেখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘জ়িন্দেগি.গুলজ়ার.হে’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১১ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের নিন্দামূলক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কর্মফল তোমার ঠিকানা খুঁজে নেবে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ক্ষমতায় কুলোচ্ছে না যখন গাড়ি কেনার দরকার কী ছিল।’’