Rahul Arunoday Banerjee death

টলিপাড়ায় দুঃসংবাদ! প্রয়াত রাহুল অরুণোদয়! তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন অভিনেতা, কী ঘটেছিল?

শোনা যাচ্ছে, ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে নেমে তলিয়ে যান বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:১৬
Share:

প্রয়াত রাহুল অরুণোদয়! ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। সন্ধে ছ’টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা।

Advertisement

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, “জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কী ভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।” শোনা যাচ্ছে, বেশ কিছু ক্ষণ জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাঁকে আনতে যাওয়া হয়।

ভাস্কর আরও জানান, তাঁরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। “কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এ ভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।”

Advertisement

প্রয়াত রাহুল!

আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে তিনি জলে নামেন। তিনি বলেন, “হয় ও সাঁতার জানত না, বা কোনও ভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”

উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল। জুটি বেঁধেছিলেন প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে। পরে তাঁর সঙ্গেই প্রেম ও বিয়ে। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। ২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এও অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিছু দিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে।

শুধু অভিনেতা হিসেবে নয়, রাজনীতি থেকে শুরু করে সামাজিক— যে কোনও বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করতেন রাহুল অরুণোদয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করতেন নিয়মিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement