রাহুলের জন্য ডাবিং করলেন নীল। ছবি: সংগৃহীত।
তাঁর শুরুতেও ছিলেন, আবার তাঁর শেষের সঙ্গেও জুড়ে রয়েছে অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ের নাম। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং শেষ করে ফেলেছিলেন ‘অটবি’ ছবিটির। কিন্তু বাকি ছিল ডাবিং। প্রয়াত অভিনেতার বাকি থাকা কাজ শেষ করেছেন নীল। সেই অনুভূতিই ভাগ করে নিলেন অভিনেতা।
নীল জানান, এ এক অদ্ভুত সমাপতন। তিনি বলেন, “যেন বৃত্ত সম্পূর্ণ হল। এতটাই বেদনাদায়ক ঘটনা। এটাই বার বার মনে হচ্ছে। ওঁর প্রথম কাজের সঙ্গেও জড়িয়ে ছিলাম আমি। আর শেষ কাজেও জুড়ে থাকল আমার নাম।” রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনেতার চরিত্রের ডাবিং করেছিলেন নীল। তিনি যোগ করেন, “সেই সময় আমি কাজ করতে চাইনি। রাজ (চক্রবর্তী) অনেক বার বলেছিল। তখন তো রাহুলও ছোট। ওর প্রথম কাজ। তাই রাহুলের চরিত্রের জন্য পুরো ডাবিংই আমি করেছিলাম। এ বার সাহেব (চট্টোপাধ্যায়) আমাকে বলেছিল ডাবিং করার জন্য। করলামও। মাঝে আরও একটা ছবিতে রাহুলের জন্য ডাবিং করেছি আমি।”
নীল জানান, এই কারণে অনেক বার তাঁকে ধন্যবাদও জানিয়েছিলেন রাহুল। প্রসঙ্গত, এই ছবিতে রাহুল ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সরকার এবং সাহেব চট্টোপাধ্যায়। একটি সাইকোলজিক্যাল থ্রিলারভিত্তিক গল্পকে সিনেমার রূপ দিয়েছেন পরিচালক। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন সাহেব। অভিনেতা বললেন, “বেলপাহাড়িতে শুটিং করেছিলাম। অরুণোদয়ের সঙ্গে এটাই আমার শেষ কাজ। খুব ছোট থেকে রাহুলের সঙ্গে আমার আলাপ। এই ছবির সঙ্গে তাই মর্মস্পর্শী স্মৃতি জড়িয়ে আছে আমার। আরও বেশি করে তাই মন পড়ে। যত ভাবি, ততই মনখারাপ হয়।” কবে মুক্তি পাবে এই ছবি? তা যদিও এখনও চূড়ান্ত হয়নি। সম্ভবত চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।