মেদ ঝরবে এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে আসবে, কোন কোন পানীয় জরুরি? ছবি: এআই সহায়তায় প্রণীত।
শরীরে জমা ‘টক্সিন’ দূর করতে গেলে নিয়মিত ডিটক্স পানীয় খেতে হবে। বাড়তি মেদ ঝরাতে চাইলে বিপাকহার বাড়িয়ে তোলা প্রয়োজন। সেই কাজটি করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়। তবে এই পানীয় শখ করে এক-আধ দিন খেলে হবে না। নিয়মিত খেতে হবে। শরীরচর্চা, ডায়েটের পাশাপাশি কোন দিন কোন ধরনের ডিটক্স পানীয় খাবেন, তা জেনে রাখা প্রয়োজন।
ডিটক্স পানীয় বলতে জোয়ানের জল বা গ্রিন টি-র কথাই মাথায় আসে। তা ছাড়াও আরও অনেক রকম পানীয় হয়, যা শরীর থেকে টক্সিন দূর করতে পারে। সেগুলি কী ভাবে বানাবেন, কখন খেতে হবে জেনে নিন।
আমলকির রস
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর আমলকির রস। হজমশক্তি উন্নত করা থেকে বিপাকহার বাড়িয়ে তোলা— সবই সম্ভব আমলকির গুণে। ব্লেন্ডারে আমলকি মিহি করে বেটে নিন। তার সঙ্গে অল্প জল, গোলমরিচের গুঁড়ো এবং বিটনুন মিশিয়ে নিন। শরীর থেকে দূষিত পদার্থ বার করতে সাহায্য করে এই পানীয়।
দারচিনি ও চক্রফুলের ক্বাথ
দারচিনি ও স্টার অ্যানিস বা চক্রফুলের মিশ্রণ হজমশক্তি বাড়িয়ে দিতে পারে বহু গুণ। এই পানীয় গ্যাস-অম্বলের সমস্যাও কমাবে। ১টি ছোট দারচিনির স্টিক দু’কাপ জলে ফোটাতে হবে। তাতে মিশিয়ে দিন একটি চক্রফুল। ভাল করে ফোটাতে হবে। পানীয়ের রং বদলে গেলে নামিয়ে নিন। ঈষদুষ্ণ অবস্থায় দুপুরে খাওয়ার ২০-৩০ মিনিট পরে পান করুন। এই পানীয় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
পুদিনা, ধনেপাতার রস
গ্যাস, অম্বল, পেটফাঁপা কিংবা হজম সংক্রান্ত সমস্যা হলে এই পানীয় দারুণ কাজের। ব্লেন্ডারে একমুঠো ধনে এবং পুদিনা পাতা একসঙ্গে দিয়ে ভাল করে বেটে নিন। এ বার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে নিন। প্রয়োজনে সামান্য মধু এবং লেবুর রসও মিশিয়ে নিতে পারেন।
তুলসী-কাঁচা হলুদের ডিটক্স
৫-৬টি তুলসী পাতা, হাফ ইঞ্চি কাঁচা হলুদকুচি ও সামান্য গোলমরিচ নিয়ে নিন। দু’কাপ জলে হলুদ ও তুলসী পাতা দিয়ে ভাল ভাবে ফোটান। জল লালচে-হলুদ রঙের হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। এ বার গোলমরিচগুঁড়ো মিশিয়ে দিন। এই পানীয় ওজন কমাতে সাহায্য করবে।
ডাবের জল ও চিয়া বীজের পানীয়
ডাবের জলে থাকা ইলেকট্রোলাইট গরমে ক্লান্তি দূর করে আর চিয়া বীজ পেট ঠান্ডা রাখে। চিয়া বীজ হজমে সহায়ক ও কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই পানীয় তৈরি করতে এক গ্লাস ডাবের জল ও এক চামচ ভেজানো চিয়া বীজ নিতে হবে। ডাবের জল গ্লাসে ঢেলে তাতে চিয়া বীজ মিশিয়ে দিন। উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে পান করুন।