Samantha Ruth Prabhu

এক ঝটকায় কমে গিয়েছিল অনেকটা ওজন! খাওয়াদাওয়া নিয়ে কোন সমস্যায় পড়েছিলেন সমান্থা?

দীর্ঘদিন অটোইমিউন রোগ ‘মায়োসাইটিস’ নিয়ে কথা বলেছেন তিনি। এই অসুস্থতার কারণে কী কী প্রভাব পড়েছিল সম্প্রতি সাক্ষাৎকারে জানান সমান্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২১:৫৮
Share:

ওজন কমায় কী কী হয়েছিল সমান্থার? ছবি: সংগৃহীত।

দক্ষিণের অন্যতম অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী। নিজের অসুস্থতা নিয়ে খোলাখুলি কথাও বলেন। দীর্ঘদিন অটোইমিউন রোগ ‘মায়োসাইটিস’ নিয়ে কথা বলেছেন তিনি। এই অসুস্থতার কারণে কী কী প্রভাব পড়েছিল, সম্প্রতি সাক্ষাৎকারে জানান সমান্থা।

Advertisement

দক্ষিণী অভিনেত্রী জানান, এই অসুস্থতার কারণে তিনি প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন। সেই সময় ওজন কমে যাওয়া নিয়েও তাঁকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তবে এর সঙ্গে তাঁর পোষ্য বিড়াল জেলাটোর নামেরও একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমান্থাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তাঁর পোষ্যের নাম জেলাটো কেন রেখেছেন। এর উত্তরে সমান্থা জানান, এর নেপথ্যে নাকি তাঁর ওজন বৃদ্ধিরও একটি বিষয় রয়েছে। তিনি বলেন, “যে দুই বছর আমি কাজ থেকে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে খাবার নিয়ে বেশ সমস্যা হত। কিছু খেলেই আমার পেটের সমস্যা বাড়ত। অটোইমিউন সমস্যাও বেড়ে যেত। তাই আমার খাবারের তালিকা খুব সীমিত হয়ে গিয়েছিল এবং খাবারও খুব সাদামাঠা ছিল।”

Advertisement

নিজের খাওয়াদাও নিয়েও মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর কথায়, “টানা দু’বছর আমি একই খাবার প্রাতরাশ, মধ্যাহ্নভোজ ও নৈশভোজে খেতাম। এর পর প্রথম যে জিনিসটি আমার খাবারে যোগ করার অনুমতি দেওয়া হয়েছিল, সেটি ছিল চিনি ও দুধ ছাড়া জেলাটো। আমি সেই জেলাটোর জন্য অপেক্ষা করে থাকতাম। তাই যখন আমি একটি বিড়াল পোষার সিদ্ধান্ত নিলাম, তার নাম রাখলাম জেলাটো।”

সমান্থা জানান, এখন তিনি স্বাভাবিক ভাবেই খাওয়াদাওয়া করেন। তবে অতিরিক্ত কিছু নয়। নিজের ওজন কমা নিয়ে মানুষের প্রশ্নের বিষয়ে তিনি বলেন, “এখন আমি এমন জায়গায় আছি যেখানে আমি স্বাভাবিক ভাবে খাই। তবে অতিরিক্ত কিছু খাই না। আমাকে সবসময় জিজ্ঞেস করা হয়, কেন এত ওজন কমে গেল? মানুষ কখনও জানে না, কার জীবনে কী চলছে। এটা এমন নয় যে আমি খেতে চাই না, আসলে আমি খেতে পারতাম না।”

নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২২ সালে নিজের ছবি ‘যশোদা’র প্রচারের সময়ে সমান্থা প্রথম জানিয়েছিলেন যে তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে তিনি লিখেছিলেন, “কয়েক মাস আগে আমার একটি অটোইমিউন রোগ ধরা পড়ে, যার নাম মায়োসাইটিস। আমি ভেবেছিলাম পুরোপুরি সেরে ওঠার পরে এ কথা জানাব। কিন্তু সুস্থ হতে একটু বেশি সময় লাগছে।”

সমান্থাকে এর পরে দেখা যাবে দক্ষিণী ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডী। ছবিতে সমান্থার সঙ্গে অভিনয় করেছেন গৌতমী, শ্রীমুখী, দিগন্ত এবং গুলশন দেবাইয়া-সহ আরও অনেকে। ছবিটি শীঘ্রই মুক্তি পাবে শীঘ্রই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement