Sayantani Lost Her Relative

‘মামমাম শেষ নিঃশ্বাস ত্যাগ করল আমার হাত ধরেই’! এ বার অভিনেত্রী সায়ন্তনীর স্বজনবিয়োগ

টলিউডের একের পর এক দুঃসংবাদ। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা হারালেন তাঁর মাতৃসম পিসিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:১২
Share:

‘মামমাম’কে হারালেন সায়ন্তনী গুহঠাকুরতা। ছবি: ফেসবুক।

টলিউডে ফের মৃত্যুসংবাদ! এ বার স্বজনবিয়োগ ঘটল অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার। শুক্রবার মাতৃসম পিসিকে হারালেন তিনি। আনন্দবাজার ডট কম-কে সায়ন্তনী জানিয়েছেন, তাঁর পিসির বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালিসিস চলছিল তাঁর। ক্রমশ ঝিমিয়ে পড়ছিলেন তাঁর পিসি।

Advertisement

অভিনেত্রীর কথায়, “আমার মা-বাবা দু’জনেই চাকরি করতেন। তাই জন্ম থেকে পিসিকেই নিজের মা বলে জানতাম। ওঁকে তাই ‘মামমাম’ বলে ডাকতাম। পিসির কাছে মানুষ হয়েছি। আমার সব আবদারের জায়গা আমার মামমাম।” বলতে বলতে ফোনেই কান্নায় ভেঙে পড়েন সায়ন্তনী। জানান, তাঁর মা-ও খুবই অসুস্থ। সব মিলিয়ে তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন। তিনি আরও বলেছেন, “শুক্রবার সকাল থেকেই পিসির জন্য মনখারাপ করছিল। কেন জানি না মনে হচ্ছিল, আর বেশি দিন পিসিকে পাব না।” তাই তড়িঘড়ি তিনি পৌঁছে গিয়েছিলেন পিসির বাড়িতে। সেখানে তখন অভিনেত্রীর বর্ষীয়ান পিসেমশাই রয়েছেন। তাঁদের একমাত্র কন্যা কর্মসূত্রে আমেরিকায়।

পিসির বাড়িতে গিয়ে অভিনেত্রী দেখেন, তাঁর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। ভাল করে শ্বাস নিতে পারছেন না। বাড়িতে উপস্থিত বাকিরা তাঁকে জানান, তাঁর পিসির শরীরের সমস্ত অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। সারা শরীরে সংক্রমণ ঘটেছে। কাঁদতে কাঁদতে সায়ন্তনী বলেন, “আমার হাতটা ধরে শুয়েছিল পিসি। ওই অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হাতটা এখনও কী গরম! কিছুতেই মেনে নিতে পারছি না, পিসি নেই।” যেহেতু পিসতুতো বোন বিদেশে, তাই প্রয়াত আত্মীয়ার সৎকার সায়ন্তনীর কোনও তুতো ভাই করবেন। শুক্রবারেই পিসির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement