কোন গোপন তথ্য প্রকাশ্যে আনলেন শিল্পার স্বামী রাজ? ছবি: সংগৃহীত।
তাঁদের জীবনে বিতর্কের শেষ নেই। বিয়ের পর থেকেই নানা ধরনের বিতর্কে নাম জড়িয়েছে শিল্পা শেট্টী কুন্দ্রার। এমনকি, শিল্পপতি রাজ কুন্দ্রার প্রথম বিয়ে ভাঙার নেপথ্যেও রয়েছেন নায়িকা, এমন অভিযোগও উঠেছিল। কিন্তু সে কথা যে সত্যি নয় তা অভিনেত্রী স্বামী নিজেই পরিষ্কার করে দিয়েছেন।
২০০৩ সালে কবিতা কুন্দ্রাকে বিয়ে করেছিলেন রাজ। কিন্তু তিন বছরের বেশি স্থায়ী হয়নি সেই সংসার। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস তখন থেকেই নাকি অভিনেত্রী শিল্পার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শিল্পপতি। যদিও এই কথায় কোনও ভাবেই গুরুত্ব দিতে চান না রাজ-শিল্পা কেউই। উল্টে রাজের দাবি, স্ত্রী কবিতার বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে।
রাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বোনের স্বামীর সঙ্গে সম্পর্কে ছিলেন কবিতা। সে কথাই জানতে পারি আমি। তার পরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ডিভোর্সের সঙ্গে শিল্পার কোনও সংযোগ নেই।” আইনি বিচ্ছেদের তিন বছর পরে অর্থাৎ ২০০৯ সালে শিল্পাকে বিয়ে করেন রাজ। তাঁদের দুই সন্তান। একটি ছেলে ও একটি মেয়ে। তার পরেও নানা বিতর্কে জড়িয়েছে তারকাজুটির নাম। সম্প্রতি, শিল্পা নিজের রেস্তরাঁর ব্যবসায় বেশি মন দিয়েছেন।