দোল উদ্যাপন করলেন ক্য়াটরিনা। ছবি: সংগৃহীত।
গত বছর মা হয়েছেন ক্যাটরিনা কইফ। যদিও তারও দু’বছর আগে থেকে সিনেমা থেকে বিরতি নিয়েছেন। মা হওয়ার পর থেকে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে। মাঝে এক বার বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার সময় একঝলক দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। যদিও তিনি ছিলেন মাস্কের আড়ালে। মা হওয়ার পর প্রথম দোল, প্রকাশ্যে এলেন ক্যাটরিনা। রং মেখে কী জানালেন অভিনেত্রী?
সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল জানান, বাবা হয়ে তেমন কোনও দায়িত্ব নেই তাঁর। ক্যাটরিনা নিজেই সন্তানের সমস্তটা খেয়াল রাখেন। স্ত্রীকে যোদ্ধার সঙ্গে তুলনা করেছেন ভিকি। দোলের দিন ভিকি, দেওর সানি ও বোন এজ়াবেলকে নিয়ে ছবি দিলেন। সানি ও এজ়াবেলের শরীরের রঙের ভাগ বেশি। চার জনে মিলে রঙিন ছবি দেন। ক্যাটরিনার চোখেমুখে মাতৃত্বের ঔজ্জ্বল্য, ওজন বেশ কিছুটা বেড়েছে। তবে অভিনেত্রী যে ছেলে, স্বামী নিয়ে সুখী, তাঁর চোখে-মুখে তার বহিঃপ্রকাশ। ক্যাটরিনা লেখেন, ‘‘খুব খুশি, দোল শুভ হোক।’’
স্বামী, বোন ও দেওরকে নিয়ে দোল উদ্যাপন ক্যাটরিনার। ছবি: ইনস্টাগ্রাম
পুত্রের জন্মের পর থেকে ফোন হাতছাড়া করতে ভয় পান ভিকি। তাঁর কথায়, “এই প্রথম এমন হচ্ছে। আমার এখন খুব ভয় হয়। মনে হয়, কোনও ভাবেই ফোনটা হারিয়ে ফেলা যাবে না। আগে ফোন নিয়ে মাথাই ঘামাতাম না। কিন্তু এখন ফোনে ভর্তি আমার সন্তানের ছবি ও ভিডিয়ো। সারাদিন সেগুলি দেখি আমি। এই সময়টা আমার কাছে শিক্ষণীয়। আমার প্রতি সত্যিই ঈশ্বর সহায় থেকেছেন।”