বড় চোট পেলেন শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত।
পায়ে জড়ানো ক্রেপ ব্যান্ডেজ। সেটা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। এর মধ্যেই এক কাণ্ড ঘটালেন অভিনেত্রী। হাঁটতে পারছেন না। কী ভাবে শুটিং করছেন শ্রীময়ী?
আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী বললেন, “একের পর এক চোট পাচ্ছি। ভয় পেয়েছিলাম, পা-টা বুঝি ভেঙেই গিয়েছে। একটা অনুষ্ঠান থেকে বেরোচ্ছিলাম। স্টুডিয়োর বাইরের রাস্তাটা খুবই উঁচু-নিচু ছিল। পায়ে উঁচু হিলের জুতো পরেছিলাম। ব্যস, বুঝতে পারিনি। পা মচকে ভয়ঙ্কর অবস্থা! পরের দিনই যাই ডাক্তার দেখাতে। এক্স-রে করে দেখা যায় ভাঙেনি। কিন্তু লিগামেন্টে বড় চোট লেগেছে।”
ব্যথা নিয়েই কাজ চালাচ্ছেন। অভিনেত্রী জানিয়েছেন, এখনই শুটিং থেকে ছুটি নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ, ধারাবাহিকের গল্প এই মুহূর্তে তাঁকে কেন্দ্র করেই দেখানো হচ্ছে। ফলে খুব বিশ্রাম নেওয়া কোনও ভাবেই সম্ভব হবে না। চেষ্টা করছেন শুটিংয়েই যতটা সম্ভব বিশ্রাম নেওয়া যায়। কিছু কিছু সময়ে চেয়ারে বসেই শট দিচ্ছেন। কিছু দিন আগে পেটব্যথা খুব ভুগিয়েছে তাঁকে। এখন পা নিয়ে খুবই চিন্তিত শ্রীময়ী। সেই সঙ্গে রয়েছে মেয়ে কৃষভিকে নিয়ে চিন্তা। সব কিছুর মাঝে মেয়ের যাতে কোনও সমস্যা না হয় সেটাই একমাত্র লক্ষ্য অভিনেত্রীর।