নকল গোঁফ প্রসঙ্গে কী বললেন অক্ষয়? ছবি: সংগৃহীত।
অভিনেতাদের নানা কারণে কটাক্ষের শিকার হতে হয়। কখনও তাঁদের লুক নিয়ে, কখনও আবার তাঁদের কোনও মন্তব্য নিয়ে। যেমন চার বছর আগে বিতর্কে জড়িয়েছিল অভিনেতা অক্ষয় কুমারের নাম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে কেন নকল গোঁফ লাগিয়েছিলেন তিনি, তা নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেতাকে। এ বার সেই বিষয়ে কথা বললেন অক্ষয়।
চার বছর আগে যখন এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় টুঁ শব্দ করেননি অভিনেতা। এত দিন পরে এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন অক্ষয়। যে কোনও চরিত্র গড়ে তোলার জন্য অন্তত এক মাস সময় নেন অভিনেতা। প্রস্তুতির জন্য এটুকু সময় নিয়েই থাকেন অক্ষয়। কিন্তু যে সময়ে ওই ছবিটির শুটিং করছিলেন, তখন তাঁর হাতে আরও অনেক কাজ ছিল।
অক্ষয় বলেন, “সেই সময়ে একসঙ্গে অনেকগুলো কাজ করছিলাম। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হল, ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে ওই চরিত্রের জন্যে যে ধরনের গোঁফ তৈরির করার কথা ছিল, সেটা আমার নিজের গোঁফে সম্ভব ছিল না। তাই নকল গোঁফ ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় ছিল না।”
উল্লেখ্য, দ্বাদশ শতকে পৃথ্বীরাজ চহ্বাণের রাজপাটের কাহিনি নিয়ে যশরাজ ফিল্মসের এই নতুন ছবি তৈরি হয়েছিল। পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয়। ছবি নিয়ে আলোচনা শুরু হতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা। যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়নি মহান শাসককে, এমন অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। ছবির নাম শুধু ‘পৃথ্বীরাজ’-এর পরিবর্তে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করার দাবি তোলে করণি সেনা। নাম বদল না হলে ছবি বয়কটের ডাকও দিয়েছিল সংগঠন।