নোবেলের বিরুদ্ধে আবার কী অভিযোগ? ছবি: সংগৃহীত।
মঙ্গলবার রাতে জামিন পেয়ে বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল জানিয়েছিলেন, মানুষমাত্রই ভুল হয়। তিনি বলেছিলেন, “আবার এই ভুল হতে পারে।” কয়েক দিন কাটতে না কাটতেই আবার বিতর্কে গায়ক। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’–এর প্রতিবেদন অনুযায়ী, নোবেলের বিরুদ্ধে আবার মারধরের অভিযোগ তুলেছেন ওই মহিলা।
কী অভিযোগ জানিয়েছেন তিনি? ‘কালের কণ্ঠ’-কে দেওয়া সাক্ষাৎকারে সেই মহিলা জানিয়েছেন, জামিন পাওয়ার পরেই আবার তাঁকে মারধর করেন নোবেল। জামিন কী করে বাতিল করা যায়, সেই পরামর্শ নিতে মা এবং ছোট বোনকে নিয়ে আদালতে গিয়েছিলেন তিনি। সেখানেই ওই মহিলা বলেন, “আমার হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। তার পরে বাড়ি ফিরে আবার আমাকে মারধর শুরু করেছে। কেন তাঁর বিরুদ্ধে মামলা করেছি, সেই প্রশ্ন তুলে আমাকে মারধর করা হচ্ছে।”
মঙ্গলবার আপসের শর্তে জামিন পান তিনি। আদালত চত্বরেই এর পর সাংবাদিকেরা জানতে চান, গায়ক কি অনুশোচনায় ভুগছেন? তখনই তিনি জানান, মানুষই ভুল করে। তিনিও মানুষ। এ-ও জানাতে দ্বিধা করেননি, আগামী দিনে আবার এ রকম ভুল তিনি করতে পারেন! ক্ষমা চান অনুরাগী-শ্রোতাদের থেকে। বলেন, “আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভাল করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।” আদালত চত্বরেই তাঁর কাছে গান শোনানোর অনুরোধ আসে। দরাজ কণ্ঠে নোবেল গেয়ে ওঠেন ‘মেহেরবান’। যদিও অভিযোগকারিণীর দাবি, সামনে যেমনটা দেখান গায়ক, আদতে মানুষটা তিনি একেবারেই অন্য।