সব্জি দিয়ে বানিয়ে নিন লাহোরি কিমা মশলা। ছবি:সংগৃহীত।
আমিষ রান্নায় পাঁঠা কিংবা মুরগির মাংসের কিমা বেশ জনপ্রিয়। ঝাল ঝাল মিহি মাংসের এই রান্না অত্যন্ত লোভনীয়। কিন্তু যাঁরা আমিষ খান না, তাঁদের উপায় কী? পরিচিত সব্জি দিয়ে বানানো যেতে পারে লাহোরি কিমা। লাল রঙের এই কিমা উপর থেকে দেখলে বোঝার উপায়ই থাকবে না যে আদতে তা নিরামিষ খাবার। সব্জি দিয়ে রোজের কী রান্না করা যায় যাঁরা ভেবে পান না, একবার বানিয়ে ফেলুন লাহোরি কিমা।
উপকরণ
১ টি বড় ক্যাপসিকাম
১টি বড় গাজর
৫-৬টি বিন্স
২টি বড় পেঁয়াজ
৭-৮টি কাঁচালঙ্কা
১০০ গ্রাম পনির
২-৩টি কাশ্মীরি শুকনোলঙ্কা
১০-১২ কোয়া রসুন
১০-১২টি কাজুবাদাম
২টি মাঝারি টম্যাটো
২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ জিরে
আধ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ জিরেগুঁড়ো
১ টেবিল চামচ কসৌরি মেথি
১ টেবিল চামচ মাখন
১টেবিল টামচ ফ্রেশ ক্রিম
উপকরণ
পেঁয়াজ-সহ সমস্ত সব্জি মিহি করে কুচিয়ে নিন। পনির গ্রেট করে রাখুন। কাজুবাদাম গরম জলে ভিজিয়ে নিন।
কড়াইয়ে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা, রসুন ফোড়ন দিন। হালকা নাড়াচাড়া করে যোগ করুন পেঁয়াজকুচি। অল্প ভেজে নিয়ে কাজুবাদাম দিন। টম্যাটোর টুকরো দিন। যোগ করুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, চিনি এবং অল্প জল দিয়ে সবটা সেদ্ধ হতে দিন। আঁচ বন্ধ করে ঠান্ডা করে সেটি মিহি করে বেটে নিন।
কড়াইয়ে তেল এবং ঘি গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজকুচি অল্প ভেজে নিয়ে সব্জি দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করে নিন। জিরে, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, কসৌরি মেথি দিন। সব্জি নরম হয়ে গেলে, আগে থেকে বেটে রাখা মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ফুটিয়ে নিন।দরকারে সামান্য জল যোগ করা যায়। উপর থেকে গ্রেট করা পনির দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে একদম শেষ ধাপে মাখন দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে ফ্রেশ ক্রিম এবং ধনেপাতা ছড়িয়ে দিতে হবে।