Amitabh Bachchan

‘ভারতকে আর কেউ দুর্বল বা নরম হিসাবে দেখে না’, দেশের শক্তি নিয়ে কেন হঠাৎ সরব অমিতাভ?

৮৩ বছর বয়সি তারকা দেশ নিয়ে গর্বিত। তাঁর মতে, দেশকে আর ভঙ্গুর বা সহজে ভেঙে পড়া জাতি হিসাবে দেখা হয় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:৪৭
Share:

নিজের দেশকে নিয়ে আর কী বললেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

ভারত আর দুর্বল ও নম্র নয়। এখন ভারতের শক্তি প্রবল। এমন মনে করেন অমিতাভ বচ্চন। বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন বর্ষীয়ান তারকা। নিয়মিত নিজের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। সম্প্রতি দেশের বর্তমান অবস্থা নিয়ে লিখলেন তিনি।

Advertisement

নিয়মিত ব্লগ লেখেন অমিতাভ। সেখানে ‘ইন্ডিয়া অ্যান্টি-ফ্র্যাজাইল’—এই শব্দবন্ধ নিয়ে কথা বলেছেন তিনি। এর তর্জমা করলে দাঁড়ায়— ‘ভারত দুর্বল নয়’। এই শব্দবন্ধ মনে ধরেছে অমিতাভের। তিনি লেখেন, “একটি দুর্দান্ত শব্দবন্ধ দেখলাম— ‘ইন্ডিয়া অ্যান্টি-ফ্র্যাজাইল’। সত্যিই অসাধারণ। ভারতকে আর নরম বা দুর্বল দেশ হিসাবে দেখা হয় না।”

৮৩ বছর বয়সি তারকা নিজের দেশ নিয়ে গর্বিত। তাঁর মতে, দেশকে আর ভঙ্গুর বা সহজে ভেঙে পড়া জাতি হিসাবে দেখা হয় না। তিনি আরও লেখেন, “আমরা আর ভঙ্গুর বা দুর্বল নই। আমরা সহজে ভেঙে পড়ি না, ধ্বংস হই না, সহজে ভয় পাই না বা হুমকির মুখে দুর্বল হয়ে পড়ি না। আমরা এখন শক্তিশালী ও দৃঢ়। আমাদের আর ভঙ্গুর দেশ হিসাবে দেখা হয় না। এতে আমি গর্বিত। মাথা উঁচু করে, বুক চিতিয়ে এগিয়ে চলেছি। চলুন এগিয়ে যাই!” অমিতাভের এই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “কোন কোন দিক বিচার করে এই মন্তব্য করেছেন অমিতাভ? আগে ভারতকে কে দুর্বল মনে করত?” কেউ কেউ আবার বিগ বি-কে পদ্মশিবিরের ঘনিষ্ঠও বলেছেন। তবে অনেকে সমর্থনও করেছেন অমিতাভের মন্তব্যকে।

Advertisement

বর্তমানে তিনি পরিচালক নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত। ছবিতে অমিতাভ ছাড়াও অভিনয় করছেন কমল হাসন এবং প্রভাস। শোনা যাচ্ছে, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ভাগেও অভিনয় করবেন অমিতাভ। রণবীর কপূর ওই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। এ ছাড়াও ছবিতে রয়েছেন সানি দেওল, দক্ষিণী তারকা যশ। ছবিতে অমিতাভ নাকি জটায়ুর চরিত্রে অভিনয় করবেন।

বয়স ৮৩ হলেও জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন অমিতাভ। তাঁর মধ্যে শেখার ইচ্ছাও রয়েছে প্রবল। তাই কিছু দিন আগেই ব্লগে লিখেছিলেন, “সমস্যার একটি ভাল দিক রয়েছে। সমস্যা সব সময়ে সমস্যা হিসাবেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে সেটার মোকাবিলা করতেই হবে, এমন নয়। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে। কোনও সমস্যা সামনে এলে, আমরা সেই বিষয় সম্পর্কে জানার ও শেখার সুযোগ পাই। এর ফলে আমরা আরও জ্ঞানী ও বিচক্ষণ হতে পারি। শেখার জন্য সব সময় সমস্যার দরকার হয় না। কিন্তু, যদি কোনও সমস্যা আসে, তা হলে তা থেকে জীবনের নানা দিকের বিষয়ে শেখা যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement