Amitabh Bachchan Post

৮৩ বছরেও নিয়মিত দু’বেলা কাজ করেন, নিয়ম ভাঙলে জীবনের কোন ক্ষতির কথা স্বীকার করলেন অমিতাভ?

অমিতাভ বচ্চন চলতি ধারার উল্টো পথে হাঁটেন। বার্ধক্যেও কাজের সংখ্যা বাড়িয়েছেন। কাজ না করলে যেন আতঙ্কে ভোগেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৩০
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

৮৩ বছর বয়সেও এক ফোঁটা বিশ্রাম নেন না অমিতাভ বচ্চন। একটা বয়সের পরে অত্যধিক পরিশ্রম, ধকল শরীর আর নিতে পারে না। বয়স বাড়লে সাধারণত কাজ কমিয়ে দেন বাকি অভিনেতারা। কিন্তু অমিতাভ বচ্চন চলতি ধারার উল্টো পথে হাঁটেন। বার্ধক্যেও কাজের সংখ্যা বাড়িয়েছেন। কাজ না করলে যেন আতঙ্কে ভোগেন!

Advertisement

অভিনেতার এই কর্মক্ষমতার বিষয়ে অনেকেই কৌতূহলী। অনেকে আবার উদ্বিগ্ন তাঁর স্বাস্থ্য নিয়ে। কিন্তু, কেন বাড়িতে শুয়ে-বসে আরাম করে দিন কাটানোর বদলে নিরলস পরিশ্রম করছেন অভিনেতা? কিসের তাগিদ তাঁর? উত্তর দিলেন বলিউডের ‘শাহেনশাহ’। তিনি বলিউডের খ্যাতনামী ব্যক্তি। ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত মহাতারকা। তবু প্রতি রবিবার নিয়ম করে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। ব্লগের মাধ্যমে যোগাযোগ রাখেন। সেখানেই অমিতাভকে এই বয়সে কাজ করা নিয়ে একাধিক প্রশ্ন করা হলে জবাব দেন অভিনেতা। গোটা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, একটা দিন কাজ না করতে পারলে, ভাল লাগে না। কাজের রুটিনে যদি হঠাৎ পরিবর্তন আসে তা হলে দৈনন্দিন জীবনের ভারসাম্য নষ্ট হয়। দিনটা আচমকা বদলে গেলে চেনা ছবিটাও অচেনা মনে হয়।’

এই কারণেই বিশ্রাম নেন না তিনি। একটা দিন বিরতি নিলে উচাটনে ভোগেন। তিনি বিশ্বাস করেন, তাঁর মতো আরও অনেক মানুষেরই এমন হয়। তাঁদের উদ্দেশে অমিতাভ বলেন, ‘‘যদি কখনও মনে হয়, আপনার ইচ্ছামতো দিন শুরু হচ্ছে না, মনের ভিতর একটা উচাটন কাজ করছে, তা হলে শান্ত থাকার চেষ্টা করুন। আমার উদ্বেগ হয়। যদিও এই উদ্বেগ স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। যথাসম্ভব ভাল থাকার চেষ্টা করুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement