Amjad Khan

‘১ কোটি ২৭ লক্ষ টাকা পাওনা ছিল বাবার’, অমজদের মৃত্যুর ৩৪ বছর পরে কোন ‘অন্যায়’ নিয়ে মুখ খুললেন ছেলে?

অভিনেতার ছেলের দাবি, বহু প্রযোজক এবং নির্মাতাদের থেকে প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা পাওনা ছিল তাঁর বাবা তথা অভিনেতা অমজদের। তাঁর শেষ সময়ে অনেকেই সাহায্য করেছিলেন আর্থিক ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ২০:৩৬
Share:

অমজদের মৃত্যুর ৩৪ বছর পরে কী বললেন তাঁর ছেলে? ছবি: সংগৃহীত।

তিনি এখনও সবার কাছে ‘গব্বর সিং’। অভিনেতা অমজদ খানের নাম উঠলে তাঁর অভিনীত এই চরিত্রের প্রসঙ্গ বার বারই চলে আসে। প্রায় ৩৪ বছর হয়ে গেল তাঁর মৃত্যুর। তাঁর ছেলে শদাব খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাবা নিজের প্রাপ্য পারিশ্রমিক পাননি।

Advertisement

অভিনেতার ছেলের দাবি, বহু প্রযোজক এবং নির্মাতাদের থেকে প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা পাওনা ছিল তাঁর বাবা তথা অভিনেতা অমজদের। তাঁর শেষ সময়ে অনেকেই সাহায্য করেছিলেন আর্থিক ভাবে। যাঁরা সত্যিই তাঁর টাকা ফেরত দিতে অক্ষম ছিলেন, তাঁদের ঋণ মাফ করে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু অনেক বিশিষ্ট প্রযোজক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব ক্ষমতা থাকা সত্ত্বেও নাকি অমজদের ঋণ শোধ করেননি।

শদাব জানান, তাঁর বাবার মৃত্যুর কয়েক মাস পরে পশ্চিম এশিয়ার এক ‘ডন’-এর থেকে ফোন এসেছিল। তিনি পরিবারের হয়ে সেই টাকা উদ্ধার করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু অমজদের স্ত্রী শায়লা খান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন।

Advertisement

শদাবের কথায়, তাঁর মা বলেছিলেন,“আমার স্বামী কখনও আন্ডারওয়ার্ল্ডের সাহায্য নেননি। এখন আমি সেই পথ বেছে নেব না।” আত্মসম্মান ও নীতির জন্যই পরিবার সেই সাহায্য নিতে রাজি হয়নি বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে শদাব জানান, সেই সময়ে ১ কোটি ২৭ লক্ষ টাকা দিয়ে মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় তিন থেকে চারটি ফ্ল্যাট কেনা সম্ভব ছিল। উল্লেখ্য, অমজদ খান দুই দশকের অভিনয়জীবনে ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। মাত্র ৫১ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement