Bengali Serial

ধারাবাহিকের অভিনয়ে আর কোনও বৈচিত্র খুঁজে পান না অনেকে, নতুন প্রজন্ম কোন টানে ছোটপর্দার মোহে?

অনেক শিল্পীই ছোটপর্দার অভিনয়ে একঘেয়েমির কথা বার বার বলেছেন। কিন্তু তার পরেও টলিপাড়ার একাংশ এখনও ধারাবাহিকেই বুঁদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২
Share:

কোন টানে বার বার ছোটপর্দায় কাজ করতে ইচ্ছা হয় দীপান্বিতা, মানালি, গীতশ্রীদের? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রায় পাঁচ বছর হয়ে গেল অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় ছোটপর্দায় অভিনয় করছেন না। কিছু দিন আগে প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছিলেন, তিনিও আর ধারাবাহিকে অভিনয় করতে চান না। পার্শ্বচরিত্রে অভিনয় করে অনেক শিল্পীই ছোটপর্দার একঘেয়েমির কথা বার বার বলেছেন। কিন্তু তার পরেও টলিপাড়ার একাংশ এখনও ধারাবাহিকেই বুঁদ। কোন টানে বার বার ছোটপর্দায় কাজ করতে ইচ্ছা হয় তাঁদের?

Advertisement

বহু অভিনেতাকেই বলতে শোনা যায়, ছোটপর্দায় অভিনয় করলে আর্থিক স্বচ্ছলতার আশ্বাস মেলে। শুধুই কি এটিই কারণ? অভিনেত্রী মানালি দে থেকে গীতশ্রী রায়— প্রত্যেকেই ছোটপর্দায় বেশ অনেকগুলো বছর ধরে কাজ করছেন। কী মত তাঁদের?

নতুন ধারাবাহিকের মাধ্যমে আবার ছোটপর্দায় দেখা যাবে মানালিকে। মাঝে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “সিনিয়রদের কথা সত্যি কিছু বলতে পারব না। তাঁদের বহু বছরের অভিজ্ঞতা। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে সিনেমা, সিরিজ়, ধারাবাহিককে আলাদা করে দেখতে পারি না। ভাল কাজ করাটাই গুরুত্বপূর্ণ। কাজ আমার ভাল থাকার জায়গা। আমি ভালবাসি বলেই ধারাবাহিকে অভিনয় করি। অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি প্রতি দিন অভিনয় করার অভ্যাস আমাদের অভিনয় ক্ষমতাকেও শান দেয়।”

Advertisement

ছোটপর্দায় অভিনয় করলে খুব সহজে দর্শকের কাছে পৌঁছে যাওয়া যায়। অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের মতে, বড়পর্দায় যে খুব সহজে সুযোগ পাওয়া যায় তেমন নয়। অভিনেত্রী বললেন, “পুরনোরা কি সহজে নতুন জায়গা ছেড়ে দেয়? ফলে বড়পর্দায় কাজের সুযোগ পাওয়া কঠিন। আর তা ছাড়া ধারাবাহিকে অভিনয় সত্যিই আর্থিক ভাবে অনেকটা সাহায্য করে। সহজে নিজের জমি শক্ত করার পথ বলেও আমার মনে হয়। তাই শুধু অর্থনৈতিক দিক বললে ভুল বলা হবে। এখন তো ছবির সংখ্যাও কম হয়। সুতরাং সেই সুযোগ আসাটাও জরুরি।”

জনপ্রিয়তার সহজ পথ হল ধারাবাহিক। অভিনেত্রী গীতশ্রী রায় এই ভাবনার সঙ্গে সহমত। অভিনেত্রী বললেন, “এখনও কোথাও অনুষ্ঠান করতে গেলে সবাই আমাকে রাশি বলে সম্বোধন করেন। এটাই আমার প্রাপ্তি। ছোটপর্দা একজন শিল্পীকে যে সম্মান , যে জনপ্রিয়তা দেয়, সেই টানেই বার বার ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছা বেড়ে।” এক প্রজন্ম ধারাবাহিক থেকে মুখ ফেরালেও, নতুন প্রজন্মের মতে, ছোটপর্দাই হল আগামীর দিশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement